ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়, আগুনে পুড়ে ছাই কারখানা, গোটা এলাকা ঢাকল কালো ধোঁয়ায়

ফের শহরে ভয়াবহ আগুন। আগুনের গ্রাসে এক কারখানা। গুদামে আগুন লাগে বলে জানা যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি ইঞ্জিন। আগুনের ভয়াবহতায় গোটা এলাকা ভরে যায় কালো ধোঁয়ায়। এমন অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

আজ, সোমবার সকালে তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনের এক অ্যালুমিনিয়াম কারখানায় আচমকাই আগুন লেগে যায় বলে খবর। ওই গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। আগুনের লেলিহান শিখা বের হতে থাকে। স্থানীয়রা নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে গুদামের ভিতরে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর দেওয়া হয় দমকলে। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে আরও তিনটি ইঞ্জিন আসে পরে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কারখানার ভিতরে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

এই গুদামের পিছনেই রয়েছে চামড়ার কারখানা ও ঘন জনবসতি। ফলে আগুন সেখানে ছড়িয়ে পড়ার আশঙ্কা করতে থাকেন স্থানীয়রা। তবে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে নি বলে জানা গিয়েছে। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনও সম্পূর্ণ নেভে নি বলেই খবর।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে মনে করা হলেও তা তদন্তসাপেক্ষ, এমনটাই জানানো হয়েছে দমকল বাহিনীর তরফে। এই গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল কী না, তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।   

আরও পড়ুনঃ আর জি করের তরুণী চিকিৎসকের বিচারের দাবীতে এবার দেশব্যাপী প্রতিবাদের ঝড়, সোমবার দেশজুড়ে ‘পেন ডাউন’ জুনিয়র চিকিৎসকদের

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, “সাড়ে সাতটায় আগুন লেগেছে। অ্যালুমিনিয়ার ফ্যাক্টরিতে একটা ঘরে আগুন লেগেছিল। মুহূর্তের মধ্যে সব কটা ঘরে ছড়িয়ে পড়ে”।

RELATED Articles