আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রাজ্য সহ গোটা দেশ। দিকে দিকে আন্দোলনের ঝড়। ৩৫ দিন ধরে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের। প্রায় এক সপ্তাহ ধরে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করছেন তারা। এবার দেশজুড়ে রোগীদের সামনেই প্রতিবাদ জানাবেন জুনিয়র চিকিৎসকরা। আজ, সোমবার ‘পেন ডাউন’ করবেন তারা।
তিলোত্তমার বিচারের দাবী নিয়ে সরব সকল স্তরের মানুষ। গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা। সুবিচারের দাবীতে পথে নেমেছেন সকলে। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। এই ঘটনা জুনিয়র চিকিৎসকদের কিছুটা অক্সিজেন জুগিয়েছে।
আগামীকাল, মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে আর জি কর মামলার শুনানি। সন্দীপ ঘোষ ও টালা থানার ওসির গ্রেফতারি নিয়ে শীর্ষ আদালতে কোনও ইতিবাচক শুনানি হবে বলেই আশা করছেন সকলে। আগামীকালের শুনানির আগে এবার আজ, সোমবার এক বড় কর্মসূচি নিলেন দেশব্যাপী জুনিয়র চিকিৎসকরা।
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে গতকাল, রবিবার মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত হয় এই মিছিল। এই মিছিলে যোগ দিয়েছিলেন চিকিৎসক ছাড়াও স্বাস্থ্য কর্মী ও আমজনতারাও। এবার আজ, সোমবার আরও এক বড় কর্মসূচির ডাক দেওয়া হল দেশব্যাপী জুনিয়র চিকিৎসকদের তরফে।
আরও পড়ুনঃ উর্দি পরেই তৃণমূল নেতার জন্মদিনে চুটিয়ে আনন্দ, বার্থডে টুপি পরে দিলেন হাততালি, খেলেন কেক! ভাইরাল পুলিশের কর্মকাণ্ড!
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আজ, সোমবার দুপুর ১২টার সময় দেশজুড়ে ‘পেন ডাউন’ করবেন দেশের সমস্ত জুনিয়র চিকিৎসকরা। শুধু তাই-ই নয়, আউটডোরে রোগীদের সামনেই আধ ঘণ্টার জন্য মানবশৃঙ্খল করবেন তারা। হাতে কালো ব্যান্ড বেঁধে রোগীদের সামনেই হবে এই অনন্য প্রতিবাদ। ১০ মিনিটের জন্য হবে পেন ডাউন। আগামীকাল, মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির আগে দেশব্যাপী এই প্রতিবাদ যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বেশ স্পষ্ট।






