আজকের দিনের গল্পটাও শুরু হবে বৃষ্টি দিয়েই। চলবে সারাদিন। সেই শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গসহ রাজ্যের বিভিন্ন জেলায়। সঙ্গে বইছে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তবে বঙ্গবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। তাদের তরফে জানানও হয়েছে যে গভীর নিম্নচাপটি শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হতে পারে আজ থেকেই , ফলে বৃষ্টির সম্ভাবনা কমবে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বাকি কোনও জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আজকে বৃষ্টির ছবি দেখা যাবে শহর কলকাতাতেও। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কয়েক পশলা বৃষ্টি হতে পারে শহরে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বোচ্চ ৯১ শতাংশ।
এদিন উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগর। বইতে পারে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ থাকবে ঘন্টায় ৪০ কিলোমিটার থেকে ঘন্টায় ৫০ কিলোমিটার। হাওয়ার গতিবেগ ছুঁতে পারে সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার। আজ সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে।
আগামীকাল, মঙ্গলবার রয়েছে ষাঁড়াষাঁড়ির কোটাল। তারপর এই বৃষ্টিপাতের জেরে জলস্তর বেশ খানিকটা বৃদ্ধি পাবে বলেই আশঙ্কা করা হচ্ছে। সুন্দরবনের মাটির বাঁধগুলি ভাঙতে পারে বলে তৎপর হয়েছে প্রশাসন। আতঙ্কিত উপকূলের বাসিন্দাদের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বিভাগের দলও।






