নোভেল করোনা ভাইরাস নিয়ে আমেরিকা-চীন বাক্-যুদ্ধ চলছেই। সব জেনে শুনেও ইচ্ছাকৃত ভাবে ভুল করে থাকলে চরম পরিণতি হওয়া উচিত চীনের। শনিবার ঠিক এই ভাষাতেই চীনকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী এই অতিমারীর জন্য ফের চীনকে দায়ী করেন ট্রাম্প।
এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা যে মারণ থাবা বসিয়েছে, তাতে আপাতত সবথেকে ক্ষতিগ্রস্ত আমেরিকাই। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যায় রেকর্ড করেছে আমেরিকা। ১৮৯১ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টাতেই। মৃত্যুর মোট সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৩৮,৬৬৪তে। এ দিকে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৭ লক্ষ ৩২ হাজার ১৯৭।
ঠিক এমনই সংকটজনক অবস্থায় হোয়াইট হাউস থেকে শনিবার ট্রাম্প চীনের প্রতি কিছুটা তোপ দেগেই বলেন, “এই ভাইরাসের সংক্রমণ চীনেই চিরতরে রুখে দেওয়া যেত। কিন্তু সেটা করেনি চীন। আর তার ফল ভুগছে বিশ্ব প্রথম থেকেই এই করোনাভাইরাসকে ‘চাইনিজ ভাইরাস’ বলে ডাকছিলেন ট্রাম্প। আর করোনা’কে এমনতর নাম দেওয়ার কারণে শি জিনপিংয়ের দেশ থেকে এসেছিল অনুরোধ। “দয়া করে এই ভাইরাসকে চিনা বলবেন না!”
শনিবার ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, “যদি এটা ভুলবশত হয়ে থাকে, তাহলে ভুলটা ভুলই।” পাশাপাশিই তাঁর আরও বক্তব্য, “কিন্তু এটা যদি তাঁরা জেনে শুনেই করে থাকে, তাহলে জেনে রাখা ভালো, তাঁদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে।”






