পুলিশকে হুঁশিয়ারি দিয়েই নির্বাচন কমিশনের রোষানলে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এবার ফের একবার তিনি নিশানা করলেন সেই পুলিশকর্মীকেই। ভিডিও সামনে এনে পুলিশের দিকে আঙুল তুললেন তিনি। পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি নেতার।
সুকান্ত মজুমদার যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে মঞ্চে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, “আপনারা আপনাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যে যা যা করণীয় তা করবেন। আমাদের সবারই একটাই লক্ষ্য, মা মাটি মানুষের সরকারের একটাই লক্ষ্য, জনগণের উন্নয়ন। যতদিন আপনারা চাইবেন, ততদিন আমরা আপনাদের পাশে আছি। সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলুন কি সামাজিক ক্ষেত্রে… যে কোনও সমস্যায়… আমরা একযোগে পথ চলব”।
এই ভিডিও পোস্ট করেই সুকান্ত মজুমদার লেখেন, “অবিশ্বাস্য! কলকাতা পুলিশের সিনিয়র অফিসার বাপ্পাদিত্য নস্কর প্রকাশ্যে শাসক তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন। উল্লেখ্য, তিনি নিজে একজন টিএমসি বিধায়কের ছেলে। সমস্যায় থাকা টিএমসি কর্মীদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেই পুলিশ অফিসার। পশ্চিমবঙ্গ পুলিশের নিরপেক্ষতা কোথায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব কতটা গভীরভাবে ছড়িয়ে পড়েছে যে কর্মকর্তারা এখন প্রকাশ্যে শাসক দলের পাশে দাঁড়িয়ে আছেন? এই ধরনের পক্ষপাতিত্বই প্রমাণ করে দেয় যে কীভাবে অনুগতদের ব্যবহার করে রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের ভয় দেখানো হয়”।
Shocking!
Senior Kolkata Police officer Bappaditya Naskar, also son of a TMC MLA, openly endorses the ruling TMC on a public platform, pledging support for TMC activists in trouble.
Where is the impartiality of West Bengal Police? How deeply has CM Mamata Banerjee’s influence… pic.twitter.com/SgPbMd20Ir
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 12, 2024
উল্লেখ্য, এর আগে বাঁকুড়ার তালডাংরায় উপনির্বাচনের প্রচারে গিয়ে সুকান্ত মজুমদার পুলিশকে হুঁশিয়ারি শানিয়ে অশোক স্তম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। বলেছিলেন, “পুলিশের উর্দি পরে তৃণমূলের হয়ে দালালি করবেন না। তৃণমূলের হয়ে দালালি করলে, পুলিশের যে টুপিটা পরেন, ঘাড়ে যে অশোক স্তম্ভটা পরেন, সেই অশোক স্তম্ভ টুপি থেকে খুলে রাখুন। একটা হাওয়াই চটির সিম্বল ওখানে লাগিয়ে নিন”।
এখানেই শেষ নয়, তিনি আরও বলেছিলেন, “ভোটে তো আমাদের তৃণমূলের সঙ্গে লড়াই নয়, পুলিশের সঙ্গে লড়াই। পুলিশ সরিয়ে দিলে ১৫ মিনিটও তৃণমূল কংগ্রেস বলে কোনও দল থাকবে না। পুলিশকে বলতে চাই, পরিষ্কার করে শুনে রাখুন, সময় আসছে। মনে রাখবেন, চিরকাল কারও সমান যায় না”। তাঁর এহেন মন্তব্যের জন্য গত শনিবার জাতীয় নির্বাচম কমিশনের দফতরে সুকান্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। এর জেরে সুকান্ত মজুমদারকে শোকজ নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। সেই নোটিশ পাওয়ার পরও ফের পুলিশকে নিয়ে বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি।






