দিনদিন বাংলাদেশের সঙ্গে দূরত্ব বাড়ছে নানান দেশের। সে দেশে যে ভাবে দিনের পর দিন সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলছে, তা নিয়ে আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারকে কড়া বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু তাও যেন উদাসীন সেদেশের সরকার। এবার বাংলাদেশ ইস্যু নিয়ে সুর চড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের মধ্যেই রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। সেই গ্রেফতারির প্রতিবাদে জ্বলছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। সেই ঘটনার আঁচ পড়েছে এপার বাংলাতেও। চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদ জানানো হয়েছে সনাতনীদের তরফে। দিল্লির তরফে বাংলাদেশ সরকারকে কড়া বার্তা দেওয়া হয়েছে।
আগেই বাংলাদেশ ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার এই নিয়ে সরব হলেন দিলীপ ঘোষ। ইউনুস সরকারকে শানিয়ে তাঁর বার্তা, “আমরা যদি চাল, ডাল পাঠানো বন্ধ করে দিই তাহলে তো খেতে পাবে না। চিকিৎসা থেকে বিয়ের বাজার, সবকিছুর জন্যই ওদের কলকাতায় আসতে হয়। হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হলে এবার সীমান্ত অবরোধ করে সব আটকে দেব। তখন দেখব, কত দম্ভ”।
তিনি আরও বলেন, “এটা দুটো দেশের বিষয়। ভারত সরকার কী পলিসি নেবে, সেটা তাঁদের বিষয়। তবে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমরা তো চাইব দু’দেশের সৌহাদ্য বজায় থাকুক। কিন্তু এভাবে অত্যাচার চললে কতদিন আর মুখ বুজে সহ্য করা যায়”?
বলে রাখি, শুধুমাত্র দিলীপ ঘোষই নয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইউনুস সরকারকে কটাক্ষ শানিয়েছেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মহম্মদ ইউনুসের নোবেল পুরস্কার নিয়ে নেওয়া উচিত বলে দাবী করেন তিনি। বলেন, “শান্তির জন্য নোবেল পুরষ্কার পেয়েছিলেন ইউনুস। অথচ তাঁর সরকারের নেতৃত্বেই সবচেয়ে বেশি অশান্তি তৈরি করা হচ্ছে। আমি জানি না, কাউকে নোবেল পুরষ্কার দেওয়ার পর সেই পুরষ্কার কেড়ে নেওয়ার অধিকার সংশ্লিষ্ট কমিটির আছে কী না। থাকলে বলব, ইউনুসের নোবেল পুরষ্কার কেড়ে নেওয়া হোক”।





