বন্ধ আলু সরবরাহ! আগামী সপ্তাহে বাজারে গেলে আলু আদৌ পাবেন তো? চিন্তার ভাঁজ আমজনতার কপালে

বড় সিদ্ধান্ত রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশনের। আগামী সপ্তাহ থেকে বাজারে আর না মিলতে পারে আলু। এর জেরে বড় সমস্যায় পড়তে পারেন আমজনতা। আলুর উপর নির্ভর করে খাওয়াদাওয়া হয় বেশিরভাগ পরিবারেই। এবার যদি আলুই না পাওয়া যায়, তাহলে তা বড় সমস্যার সাধারণ মানুষের জন্য।

আলুর দাম নিয়ন্ত্রণের জন্য ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এর ফলে সীমান্তে আটকে রয়েছে আলুবোঝাই ট্রাক। এর ফলে গত বৃহস্পতিবার ও শনিবার তারকেশ্বরের পটেটো ব্যবসায়ী সমিতি ভবনে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন দু’দফায় বৈঠক করে। সেই বৈঠকেই স্থির করা হয় যে আগামী মঙ্গলবার থেকে আর হিমঘর থেকে আলু সরবরাহ করা হবে না বাজারে।

আলুর দাম বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করার পর  কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন যাতে আলুর দামে রাশ টানা যায়। সেই বৈঠকে স্থির হয়েছিল হিমঘর থেকে ২৬ টাকা কেজি দরে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা।  কিন্তু তা সত্ত্বেও প্রায় ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে আলু।

আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, হিমঘর থেকে আলু বেরোচ্ছে ঠিকই কিন্তু আলু রফতানি হচ্ছে না। ফলে আলু পচে যেতে পারে। সীমান্তেও আটকে আলুবোঝাই ট্রাক। ফলে ক্ষতির মুখ পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। রাজ্য সরকারকে আলু কেনার প্রস্তাব দিলেও তাতে সাড়া দেয় নি রাজ্য। সেই কারণেই ধর্মঘটের পথে হাঁটতে চলেছেন আলু ব্যবসায়ীরা।

রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক জানান, “রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্নার নির্দেশ অনুযায়ী কিলো প্রতি ২৬ টাকা দরে হিমঘর থেকে বের করে পাঠানো হলেও  ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তীসগড় এবং অসম সীমান্তে আলুর ট্রাক আটকে দেওয়া হচ্ছে। আলুবোঝাই ট্রাকের চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এই অবস্থায় বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

তাদের অভিযোগ, ব্যবসায়ীরা নির্ধারিত দামে আলু বিক্রি করলেও কোনও বিজ্ঞপ্তি ছাড়াই ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সীমানায় আটকে দেওয়া হচ্ছে আলুবোঝাই গাড়ি। তার পাল্টাই এবার আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিলেন ব্যবসায়ীরা। এর ফলে আগামী সপ্তাহে বাজারে আলু মিলবে কী না, বা মিললেও তার দাম যে আকাশছোঁয়া হবে, তা অনুমান করাই যায়।   

আরও অন্যান্য খবর