আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। দিকে দিকে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ধর্ষকের কঠোর শাস্তির দাবী তুলেছেন সকলে। এখনও সেই মামলা যদিও আদালতে বিচারাধীন। এবার ধর্ষকের শাস্তির পক্ষে সওয়াল করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গতকাল, শনিবার নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে চিকিৎসকদের নিয়ে কনভেনশন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কনভেনশনে যোগ দিয়েছিলেন রাজ্যের নানান প্রান্ত থেকে আগত ১১০০ চিকিৎসক। এই কনভেনশন থেকেই দেশে ক্রমবর্ধমান ধর্ষণ কাণ্ড নিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, “রাজ্য সরকার ‘অপরাজিতা বিল’ আনলেও, এখনও তা রাষ্ট্রপতির কাছে পড়ে রয়েছে। প্রয়োজনে লোকসভায় আমি প্রাইভেট মেম্বার্স বিল আনব”।
অভিষেকের দাবী, যেভাবে দেশে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে, তা নিয়ে কেন্দ্রের সদিচ্ছার অভাব রয়েছে। ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেন তিনি। তাঁর কথায়, কেন ধর্ষককে জেলে বসিয়ে খাওয়ানো হবে তিনবেলা। ধর্ষকের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড বলে দাবী করেন তিনি।
অভিষেকের কথায়, “প্রতিবাদ করে ধর্ষণের ঘটনা বিলীন করা যাবে না। আইন আনতে হবে। আইন নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে হবে। বিল যেদিন আইন হবে সেদিন ধর্ষণের ঘটনা বন্ধ হবে”। তাঁর প্রশ্ন, “পুলিশ কমিশনার, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বদল হলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে”?
আরও পড়ুনঃ বন্ধ আলু সরবরাহ! আগামী সপ্তাহে বাজারে গেলে আলু আদৌ পাবেন তো? চিন্তার ভাঁজ আমজনতার কপালে
এদিনন আবার একই সঙ্গে সিপিএম-বিজেপিকে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, “কারও প্রতারণায় পা দেবেন না। কেউ কেউ মিডিয়ার শিরোনামে থাকতে জুনিয়র ছেলেদের ব্যবহার করেন। সিপিএম-বিজেপি-কংগ্রেস কেউ অ্যান্টি রেপ ল নিয়ে পথে নামবে না। নামলে সমর্থন করব আমি। কেউ নামবে না। কাল বিজেপি মিটিং ডেকে বলুক অ্যান্টি রেপ ল পাশ হবে। তৃণমূলের কেউ সমর্থন না করলে আমি একা করব”।





