শীতবিলাসীদের জন্য দুঃসংবাদ! জাঁকিয়ে শীতের বদলে এবার বঙ্গে নামছে বৃষ্টি, বড়সড় আবহাওয়া বদলের ইঙ্গিত

ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হতে চলল। কিন্তু এখনও শীতের সেভাবে দেখা নেই বঙ্গে। এর উপর আবার যেটুকু শীতের আমেজ ছিল তাও উধাও হবে খুব শীঘ্রই। গায়ে সোয়েটার-কম্বলের পরিবর্তে এবার মাথায় ছাতা ধরতে হবে বঙ্গবাসীকে।

আবহাওয়া দফতরের তরফে পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। এবার সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই রাজ্যে বাড়তে চলেছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আর এর ফলে ফের রবিবার থেকে বাড়বে তাপমাত্রা।   

জানা গিয়েছে, আগামী সোমবার পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। কিন্তু তাপমাত্রা বাড়বে শহরের।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামী সোমবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে খবর।

আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৪২-৯৭ শতাংশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলে বঙ্গে তাপমাত্রা ফের নামবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর