শীতের মরশুমে ব্রেকফাস্টে এবার অমলেট বা ডিমটোস্ট খাওয়ায় ছ্যাঁ’কা, ফের বাড়ল ডিমের দাম!

শীতের সকালে ব্রেকফাস্টে অনেকেই ডিমের অমলেট বা ডিমটোস্ট খেতে পছন্দ করেন। অনেকের তো আবার গরম গরম ডিম সেদ্ধ ভারী পছন্দের। কিন্তু এবার ডিমপ্রেমীদের জন্য বড় খারাপ খবর। ডিম খাওয়াতে এবার একটু লাগাম দিতে হতে পারে। কারণ ডিমের দাম হল এবার লাগামছাড়া।

বিগত কিছুদিন ধরেই শাকসবজির মূল্যবৃদ্ধি নিয়ে চলছে জোর চর্চা। সবুজ সবজি থেকে শুরু করে আলু, দাম বেড়েছে সবকিছুরই। এর ফলে মধ্যবিত্তদের কপালে ভাঁজ। শীতের মরশুমে কতশত সবজি মেলে কিন্তু এখন সবজির যা দাম তাতে সবজিতে হাত ঠেকানোই দায়। ডিম দিয়ে প্রোটিনের চাহিদা মেটান অনেকেই। কিন্তু এবার সেই ডিমেও পড়ল কোপ। অনেকটা বেড়ে গেল ডিমের দাম।

রাজ্যের নানান প্রান্তেই একই ছবি। টাস্ক ফোর্সের তরফে বারবার অভিযান করেও বাজারে দাম যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এবার বেড়ে গেল ডিমের দাম। এক সপ্তাহ আগেও প্রতি পিস ডিমের দাম ছিল ৬ টাকা থেকে ৬ টাকা ৫০ পয়সা করে। প্রতি ক্রেট ডিম ১৮০ টাকা থেকে ১৮৫ টাকা দরে বিক্রি হচ্ছিল।

কিন্তু এবার সেই ডিমের দামই বেড়ে অনেকটা। একলাফে ২ টাকা বেড়ে গেল ডিমের দাম। এখন প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে৮ টাকা করে। আর প্রতি ক্রেটের দাম গিয়ে দাঁড়িয়েছে ২২০ টাকায়। এর ফলে বাজারে ডিম কিনতে গিয়ে মধ্যবিত্তদের পকেটে টান। একটু ডিমও কী মন ভরে খেতে পারবেন না, উঠছে এমনই প্রশ্ন।    

আরও পড়ুনঃ অয্যোধ্যায় ধ্বংস বাবরি মসজিদ, এবার বাংলাতেই বাবরি মসজিদ বানানোর কথা জানালেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর 

কিন্তু হঠাৎ কেন বাড়ল ডিমের দাম?

বিক্রেতাদের কথায়, চাহিদা বেড়ে যাওয়ার কারণে ডিমের দাম বেড়ে গিয়েছে। অনেকের কথায়, সামনেই ক্রিসমাস। বড়দিনের কেক তৈরির জন্য প্রচুর ডিমের জোগান দিতে হয়। আবার শীতের মরশুমে শুরু হয়েছে পিকনিক। রেস্তোরাঁতেও ডিমের চাহিদা বেশ ভালো। সেই কারণেই ডিমের জোগান দিতে হিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে। ফলে বাড়ছে দাম। আবার অনেকের কথায়, ফার্মের খরচ বাড়ার ফলে ডিমের দাম বেড়েছে। তবে ডিমের এমন আকাশছোঁয়া দাম হওয়ায় মধ্যবিত্তরা বিশেষত ডিমপ্রেমীরা যে বেশ বিপাকে, তা আর বলার অপেক্ষা রাখে না।

RELATED Articles