আজ ২২শে এপ্রিল অর্থাৎ আর্থ ডে বা পৃথিবী দিবস। কিন্তু বর্তমানে এই পৃথিবীই এক চরম সঙ্কটের মধ্যে রয়েছে। এক অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়ছে পৃথিবীর সবকটি দেশ। ইতিমধ্যেই এই ভাইরাস কেড়েছে হাজার হাজার মানুষের প্রাণ। সবাই একযোগে চাইছে আবারও সুস্থ হয়ে উঠুক পৃথিবী।
আজ আর্থ ডে’র সকালে এমন আশা প্রকাশ করেই টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় তিনি লেখেন, আজ পৃথিবী দিবস। মানব-সভ্যতার ইতিহাসে আমরা এখন সবথেকে বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। যার নাম করোনা অতিমারী। কিন্তু এর থেকেও বড় সমস্যা আমাদের জন্য অপেক্ষা করে আছে সেটি হলো জলবায়ু পরিবর্তন। আমাদের এই সুন্দর গ্রহটিকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
টুইট করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তিনি লেখেন, আজ আন্তর্জাতিক পৃথিবী দিবস। আমাদের এত যত্ন এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের পৃথিবীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আসুন সবাই মিলে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ পৃথিবী তৈরি করার জন্য অঙ্গীকারবদ্ধ হই। কোভিড-১৯ কে হারাতে যাঁরা সমানে কাজ করে যাচ্ছেন তাঁদের জন্য আমাদের এটা করাই কর্তব্য।





