লিগ চ্যাম্পিয়ন বাগানে বেতন না মেলায় ক্ষোভে ফুঁসছেন ফুটবলাররা

আনন্দের আবহের মাঝেই আশঙ্কার মেঘ। বাগানে এবার গোলাপের বদলে ফুটছে কাঁটা। এই বছর আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। কিন্তু সেই আনন্দের মাঝেই ক্ষোভের আগুনের সলতে পাকানো শুরু হয়েছে। গত মরশুমের বেতন বাকি থাকা ফুটবলাররা বকেয়া বেতনের দাবিতে এবার একজোট হতে শুরু করলেন। তাঁদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন দিতে হবে। নইলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। এই খেলোয়াড়দের কারও দু’মাস তো কারও আবার তিন মাসের বেতন বাকি। এদিকে মরশুম শেষ হয়ে গিয়েছে। মোহনবাগান গাঁটছড়া বেঁধেছে এটিকে–র সঙ্গে। কিন্তু ফুটবলাররা এখনও বুঝে উঠতে পারছেন না, তাঁরা বেতন পাবেন কিনা। মাঝে করোনা থাবা বসানোর জেরে ফুটবলাররা আরও ভয় পাচ্ছেন।

এই নিয়ে ইতিমধ্যেই বাগান কর্তাদের সঙ্গে কথাও বলেছেন ফুটবলাররা। কিন্তু বেতন পাওয়া তো দূরের কথা, ‘দিচ্ছি, দেবো’ এই আশ্বাস ছাড়া কিছুই পাননি বলে অভিযোগ ফুটবলারদের। একে করোনা সংক্রমণে বিপর্যস্ত গোটা বিশ্ব। তার উপরে আর্থিক মন্দা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বকেয়া বেতন পাওয়া নিয়ে আতঙ্কিত মোহনবাগানে খেলা ফুটবলাররা। পরের মরশুমে চুক্তি থাকলেও এটিকে–মোহনবাগানে থাকতে পারবেন কিনা তাও বুঝতে পারছেন না সিংহভাগ ফুটবলাররাই। সবারই অনিশ্চিত ভবিষ্যৎ এবং কর্তাদের কাছ থেকে কিছুই আশ্বাস না পাওয়ায় সকলেই চিন্তিত। তাই এবার কর্তাদের দিক থেকে সদর্থক উত্তর না এলে বিদেশী ফুটবলাররা এএফসি ও ফিফায় অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন।

RELATED Articles

Leave a Comment