বাংলাদেশে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে গড়াচ্ছে। হিন্দুদের উপর নির্যাতন, হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনা কমছেই না সেদেশে। ভারত-সহ বিশ্বের নানান দেশের তরফেই কড়া বার্তা দেওয়া হলেও উদাসীন বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকার। এমন আবহে আবার বাংলাদেশের কট্টরপন্থী নেতারা ভারত বিদ্বেষী নানান মন্তব্য করছেন। এমনকি, ভারতের বিস্তীর্ণ অঞ্চল দখলের হুঁশিয়ারিও শানিয়েছেন।
বাংলাদেশে দীর্ঘদিন ধরেই ক্ষমতাচ্যুত বিএনপি। ওপার বাংলায় অনেক বছর ধরে ক্ষমতায় ছিল হাসিনা সরকারের দল আওয়ামী লিগ। তবে গত আগস্টে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হলে ফের মাথাচাড়া দেওয়া শুরু করেছে বিএনপি। ভারতের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করছেন বিএনপি নেতারা। এবার তাদের পরামর্শ দিলেন ভারতের কর্নেল দীপ্তাংশু চৌধুরী।
বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারি শানিয়েছেন বিএনপি নেতারা। এমনকি, ত্রিপুরার আগরতলার দিকে লং মার্চ করতে করতে এগিয়ে আসছেন বাংলাদেশিরা, এমনটাই খবর। তাদের উদ্দেশেই কর্নেল দীপ্তাংশু চৌধুরী বলছেন, “বাংলাদেশ আজ পর্যন্ত কোনও যুদ্ধ লড়েনি। কোনও অভিজ্ঞতা নেই। তাই যে সব উস্কানি বা হুমকি দিচ্ছে, ও সব ফাঁকা আওয়াজ”।
কর্নেলের কথায়, বাংলা-বিহার-ওড়িশা দখলের দিবাস্বপ্ন দেখছেন বাংলাদেশিরা। বিএনপি নেতারা কেন এমন হুঁশিয়ারি দিচ্ছেন, সেই কারণ হিসেবে কর্নেল বলেন, “২০০৫-০৬ এর পর থেকে বিএনপি নেতারা বাড়িতে বসে আছেন। লং মার্চ করুন। স্বাস্থ্য ভালো থাকবে। বিএনপি নেতাদের বদহজম হয়েছে। আমলকী খান, ভালো থাকবেন”।
কর্নেলের মতে, যুদ্ধের হুমকির কোনও ভিত্তিই নেই। ঝামেলা পাকানর চেষ্টা করছে বাংলাদেশ। তবে তিনি এও উল্লেখ করেন যে সিমি বা হুজির সেল রয়েছে। এর ফলে পুলিশকে সতর্ক থাকার কথাও জানান কর্নেল দীপ্তাংশু চৌধুরী।





