ফের উস্কে গেল ছাত্র নির্যাতনের স্মৃতি! যাদবপুরে আবারও শোকের ছায়া! মেস থেকে উদ্ধার ছাত্রের দেহ

ফের শোকের ছায়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ( Jadavpur University )। উস্কে গেল যাদবপুরের ছাত্র নির্যাতনের স্মৃতি। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মেস থেকে উদ্ধার হল এক তৃতীয় বর্ষের ছাত্রের মৃতদেহ। সূত্রের খবর, মৃত ছাত্র তমলুকের বাসিন্দা এবং ফুড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটি সামনে আসতেই বিশ্ববিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মৃত ছাত্রের গতকাল পরীক্ষা ছিল। পরীক্ষার পরেই তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে বাড়ি না পৌঁছানোয় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। আজ সকালে মেসের অন্যান্য ছাত্রদের মাধ্যমে খবর পাওয়া যায়, মেসের একটি ঘর থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নতুন ঘটনা নয়। গত বছরই এক প্রথম বর্ষের ছাত্রের নগ্ন মৃতদেহ হোস্টেলের ছাদ থেকে উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় র‍্যাগিংয়ের ( Ragging Case ) অভিযোগ ওঠে এবং বেশ কয়েকজন ছাত্রকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ছাত্রমৃত্যুর ঘটনা সামনে আসায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাপে পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, রাতে ক্যাম্পাস এবং হোস্টেলের ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে এই ঘটনা সেই নিয়মাবলির ফাঁকফোকরকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ছাত্রদের নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্যের প্রতি কর্তৃপক্ষের উদাসীনতা নিয়েও সমালোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: শীতের মেজাজেই বৃষ্টির ছন্দপতন! তাপমাত্রা নামবে আরও ২-৩ ডিগ্রি

নতুন করে এই ছাত্রমৃত্যুর ঘটনায় ফের যাদবপুরের হোস্টেল এবং মেসের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠছে। গত বছরের স্মৃতি উস্কে দিয়ে এবারও র‍্যাগিংয়ের মতো কোনো ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত ছাত্রের পরিবার এবং সহপাঠীরা এই মর্মান্তিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।

RELATED Articles