দেশে করোনা সংক্রমন ধরা পড়ার কিছু দিন পর এক বিজেপি নেতা বলেছিলেন ২০ মিনিট রোদে দাঁড়ালেই করোনাভাইরাস সেই তাপে মরে যাবে। তখন যুক্তিবাদীদের ভুরু কুঁচকেছিল। এবার সেই একই বুলি শোনা গেল আমেরিকার আন্ডার সেক্রেটারি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিনিয়র অফিশিয়াল পারফর্মিং ডিউটিস, উইলিয়াম ব্রায়ান-এর মুখে।
হোয়াইট হাউসে দৈনিক করোনা–বিবৃতিতে এই বিজ্ঞানীর দাবি করেন, ‘এখনও পর্যন্ত আমাদের গবেষণায় যা উঠে এসেছে তাতে বুঝতে পেরেছি, রোদের তাপ ভূমিতে এবং বাতাসে থাকা করোনাভাইরাসকে মারতে অতি সক্ষম। একইভাবে বেশি তাপমাত্রা বা আর্দ্রতা বা দুটোই বেশি মাত্রায় থাকলেও একই প্রভাব ফেলে এই ভাইরাসের উপর।’ নিজের যুক্তির সমর্থনে একটি স্লাইড শো–এর ব্যবস্থা করেন ব্রায়ান। স্লাইড শো–এ দেখা যাচ্ছে ৭০–৭৫ ডিগ্রি ফারেনহাইট এবং ২০ শতাংশ আর্দ্রতায়, ইস্পাত বা ওই ধরনের কোনও নিশ্ছিদ্র বস্তুর উপর যেখানে এই ভাইরাস ১৮ ঘণ্টা বেঁচে থাকতে পারে। সেখানে আর্দ্রতা ৮০ শতাংশ হলে এই ভাইরাসের জীবন মাত্র ছয় ঘণ্টায় নেমে আসছে। এবং সূর্যের অতি বেগুনি রশ্মিতে করোনাভাইরাসের জীবনকাল আরও কমে যায়। তবে শুকনো আবহাওয়াযুক্ত অঞ্চল, যেখানে সূর্যের তাপমাত্রা বেশি পৌঁছয় না সেখানে এই ভাইরাসের প্রকোপ তীব্র হতে পারে বলে সতর্ক করেছেন ব্রায়ান। পরীক্ষা সম্পর্কে তাঁর আরও দাবি, ব্লিচ দিয়ে এই ভাইরাস মারতে সময় লাগে পাঁচ মিনিট, এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে তা মারতে লাগে মাত্র ৩০ সেকেন্ড। এবং এই বস্তুগুলো শুধু ছিটিয়ে দিলেই করোনাভাইরাস শেষ হবে।





