বাজলো শীতের বিদায় ঘণ্টা? দক্ষিণবঙ্গে বাড়ছে পারদ, জানুয়ারির শেষে কী বদলাবে আবহাওয়া?

শীতকাল মানেই বাঙালির কাছে কাঙ্ক্ষিত ঋতু। কিন্তু এবছর জানুয়ারির শেষ সপ্তাহেও সেই কনকনে শীতের আমেজ আর পাওয়া যাচ্ছে না। আবহাওয়ার ধারা বদলে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মাঘ মাসে শীতের মেজাজ অনেকটাই হালকা হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবার ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা সামান্য কমলেও, বুধবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে। বিশেষত দক্ষিণবঙ্গে একধাক্কায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুতে শীত কার্যত বিদায় নিতে পারে। গত কয়েকদিন ধরে শহর জুড়ে ঠান্ডার যে সামান্য আমেজ রয়েছে, তা মিলিয়ে যাওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে।

তাপমাত্রা বাড়ার পাশাপাশি, আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তবে সকাল এবং সন্ধ্যায় কুয়াশার দাপট থাকবে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, বীরভূম সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে।

অন্যদিকে উত্তরবঙ্গে শীতের তীব্রতা আপাতত বজায় থাকবে। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও বড়সড় পরিবর্তন হবে না। তবে বুধবার থেকে সেখানে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বিশেষত দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা ঠান্ডার অনুভূতি আরও বাড়িয়ে তুলতে পারে।

আরও পড়ুনঃ ৫ দশক পর তৈরি হচ্ছে ষটগ্রহী যোগ! কোন কোন রাশির জীবনে আসছে বড় পরিবর্তন?

এই বছর শীতকাল যেন তার প্রভাব ঠিকমতো দেখানোর সুযোগ পেল না। জানুয়ারির শেষেই যখন তাপমাত্রা বাড়ার খবর আসে, তখন বাঙালির শীত উদযাপনেও ভাটা পড়ে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই পরিবর্তনের প্রধান কারণ পশ্চিমী ঝঞ্ঝা এবং উত্তর-পশ্চিম হাওয়ার গতিতে রদবদল। এখন দেখার বিষয়, এই মাঘেই আরও বড় পরিবর্তন আবহাওয়াকে কোন পথে নিয়ে যায়।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles