বাংলার রাজনীতিতে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। একাধিক রাজনৈতিক দল এবং তাদের অঙ্গসংগঠনগুলির মধ্যে বিরোধ এমনকি মুখোমুখি সংঘর্ষ পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। বিভিন্ন নেতার মধ্যে ক্ষমতার লড়াই, প্রতিদ্বন্দ্বিতা এবং সম্পর্কের টানাপোড়ন অনেক সময় দলের অভ্যন্তরে অশান্তি সৃষ্টি করে। রাজ্যের বিভিন্ন এলাকায় এরকম ঘটনা প্রায়ই শোনা যায়, যার ফলে রাজনীতির পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এবার সেই একই চিত্র দেখা যাচ্ছে কুলটিতে, যেখানে তৃণমূল কংগ্রেস (TMC) দলের দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে সংঘর্ষ ঘটেছে।
রবিবার আসানসোল পুরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া একটি ঘটনায় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে চলে আসে। জানা গেছে, আসানসোলের ৬৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বর্তমান ওয়ার্ড প্রেসিডেন্ট মহম্মদ জামির কুরেসির বাড়ির সামনে রান্নার বাসন রেখে দেওয়া হয়। এতে বাড়িতে যাতায়াতের সমস্যা তৈরি হয়। তদন্তের পর জানা যায়, এই কাজ করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেন ও তার অনুগামীরা, যদিও তাঁর বাড়ি অন্য এলাকায়। এই ঘটনায় উত্তেজনা বাড়ে এবং সামান্য অশান্তির আশঙ্কায় ওয়ার্ড প্রেসিডেন্ট জামির বর্তমান তৃণমূল কাউন্সিলর নাদিম আখতারকে বিষয়টি জানায়। এরপর কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং রান্নার বাসন সরিয়ে দেয়।
পুলিশের হস্তক্ষেপের পর ঘটনাটি থামার পরিবর্তে আরও জটিল হয়ে যায়। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেন এবং তার দলের লোকেরা দলবল নিয়ে হামলা চালায়। হামলার লক্ষ্য ছিলেন বর্তমান ওয়ার্ড প্রেসিডেন্ট মহম্মদ জামির কুরেসি, বর্তমান কাউন্সিলর নাদিম আখতার এবং তৃণমূল-সহ সম্পাদক জামসেদ নাসরি। এই হামলার সময় ইট-পাটকেল, লাঠি এবং পেট্রোল বোমার ব্যবহার করা হয় বলে অভিযোগ। তবে ভাইরাল হওয়া ভিডিওতে শুধু হাতাহাতি করতে দেখা যায় উভয় পক্ষকে।
এলাকায় অশান্তির কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দ্রুত প্রাক্তন কাউন্সিলর আখতার হোসেনকে আটক করে। আখতারের বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছে। এই ঘটনার পর কুলটির রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের নতুন এক অধ্যায় শুরু হয়েছে।
আরও পড়ুনঃ বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষক নিয়োগে বাংলা মাধ্যমের প্রার্থীদের বিতাড়িত করে ক্ষো’ভের মুখে স্কুল!
নির্বাচনী ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি
তৃণমূলের রাজনীতির গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয়, আখতার হোসেন এবং নাদিম আখতার এর মধ্যে দীর্ঘদিনের অশান্তি চলতে থাকে। ২০২২ সালে আসানসোল পুরনিগমের নির্বাচনে আখতার হোসেন তৃণমূলের টিকিটে দাঁড়ান, তবে পরবর্তীতে তিনি হারেন এবং নাদিম আখতার নির্বাচিত হন। সেই সময় থেকে প্রাক্তন কাউন্সিলর আখতার এবং বর্তমান কাউন্সিলর নাদিমের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। বর্তমানে নাদিম আখতার তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে কুলটি ব্লকের মাইনরিটি সেলের সভাপতির দায়িত্বে রয়েছেন।





