সিনেমার জগতে কিছু তারকা থাকেন, যাঁরা শুধু তাঁদের অভিনয় নয়, জীবনযাত্রা ও শৃঙ্খলার জন্যও অনুরাগীদের কাছে বিশেষ হয়ে ওঠেন। পর্দার সামনে তাঁদের দক্ষতা যেমন মুগ্ধ করে, তেমনই বাস্তব জীবনেও তাঁদের রুটিন থাকে সম্পূর্ণ পরিকল্পিত। দীর্ঘ কেরিয়ারের পথে নানা অভিজ্ঞতার সম্মুখীন হন অভিনেতারা, যা তাঁদের পেশাদার জীবনের অংশ হয়ে ওঠে। কখনও চরিত্রের প্রয়োজনে, কখনও শুধুই কৌতূহল মেটাতে তাঁরা ঘুরে দেখেন বাস্তব দুনিয়ার নানা দিক। সম্প্রতি এমনই এক ঘটনার কথা প্রকাশ্যে আনলেন এক জনপ্রিয় পরিচালক, যেখানে এক সন্ধ্যায় শহরের আলো-আঁধারিতে এক অজানা অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন এক কিংবদন্তি অভিনেতা।
পরিচালক অপূর্ব লাখিয়া সম্প্রতি জানিয়েছেন, প্রায় কুড়ি বছর আগে, এক আজনাবি (Ek Ajnabee) ছবির শুটিংয়ের সময় অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে কাটানো এক রাত্রির কথা তিনি কখনও ভুলবেন না। পরিচালক জানান, ‘‘বচ্চন স্যারের ঘুমের সমস্যা ছিল। শুটিং শেষে প্রায়ই তিনি সিনেমা দেখে রাত কাটাতেন। কিন্তু ব্যাঙ্ককে শুটিংয়ের সময় একদিন হঠাৎ করে বললেন, শহরটা একটু ঘুরে দেখতে চান।’’ পরিচালকের মাথায় তখনই আসে একটি নতুন পরিকল্পনা। সাধারণত শুটিংয়ের জন্য দেশ-বিদেশের নানা জায়গায় ঘোরা হয়, কিন্তু সেখানকার সংস্কৃতি কাছ থেকে দেখা হয়ে ওঠে না। তাই সেই সুযোগটাই কাজে লাগান তিনি।
তাঁরা একসঙ্গে বেরিয়ে পড়েন রাতের ব্যাঙ্কক ঘুরতে। শহরের আলো ঝলমলে পরিবেশ উপভোগ করতে করতেই তাঁরা পৌঁছে যান এক বিশেষ জায়গায়, যা মূলত পর্যটকদের জন্য বেশ জনপ্রিয়। ব্যাঙ্ককের এই অঞ্চলটি মূলত নাইটলাইফের জন্য বিখ্যাত। চারপাশে উজ্জ্বল আলো, সঙ্গীতের তালে মাতোয়ারা মানুষজন। পরিচালকের মনে একটা ভয় কাজ করছিল, যদি কেউ অমিতাভ বচ্চনকে চিনতে পারে, তাহলে প্রচণ্ড আলোড়ন পড়ে যাবে। কিন্তু অভিনেতা নিজেই বলেন, ‘‘চিন্তার কিছু নেই, সব ঠিক থাকবে।’’ শুটিংয়ে ব্যবহৃত এক বোতামখোলা শার্ট আর থাই ধুতি পরে সামান্য রূপ বদল করেই তাঁরা সেখানে প্রবেশ করেন।
সেখানে প্রায় আড়াই ঘণ্টা কাটান তাঁরা। ক্লাবের পরিবেশ, সঙ্গীত, পারফরম্যান্স—সবকিছু দেখে মুগ্ধ হয়ে যান অমিতাভ। পরিচালক অপূর্ব লাখিয়া বলেন, ‘‘এমন পরিবেশে আগে কখনও বচ্চন স্যার আসেননি। সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। মাঝে মাঝে হাসছিলেন, কখনও বিস্মিত হচ্ছিলেন।’’ ক্লাব থেকে বেরোনোর পর অভিনেতা এক কথায় বলেন, ‘‘অসাধারণ!’’ যদিও রাত যত গভীর হোক, তাঁর শৃঙ্খলা একটুও বদলায়নি। মাত্র কয়েক ঘণ্টা ঘুমিয়েই তিনি যথাসময়ে শুটিং সেটে পৌঁছে যান, যা তাঁর পেশাদারিত্বের এক উজ্জ্বল উদাহরণ।
আরও পড়ুনঃ স্বাস্থ্য ব্যবস্থার চূড়ান্ত গাফিলতি! মেয়াদোত্তীর্ণ স্যালাইনের পর এবার ওষুধ কাণ্ডে উত্তেজনা!
পরিচালকের মতে, এই ঘটনা শুধু একটি রাতের অভিজ্ঞতা নয়, বরং একজন শিল্পীর কৌতূহল ও পেশাদারিত্বের প্রতিফলন। অমিতাভ বচ্চন শুধুমাত্র একজন সফল অভিনেতা নন, বরং যেকোনো নতুন অভিজ্ঞতাকে গ্রহণ করতে প্রস্তুত একজন প্রকৃত শিল্পী। তাঁর জীবনযাত্রা ও শৃঙ্খলা আজও তরুণ প্রজন্মের কাছে শিক্ষণীয়।





