গ্রীষ্মের শুরুতেই শহরে বাড়ছে অস্বস্তি। দিনের বেলায় রোদের তীব্রতা, রাতেও উষ্ণ আবহাওয়া—সব মিলিয়ে কলকাতার পরিস্থিতি বেশ অস্বস্তিকর। অন্যদিকে, উত্তরের পাহাড়ি এলাকায় একেবারে ভিন্ন চিত্র। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে, সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে কী হতে চলেছে আগামী দিনে? এ নিয়ে সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)।
গত কয়েকদিন ধরেই আবহাওয়ার আচরণ পরিবর্তনশীল। কখনও প্রচণ্ড গরম, তো কখনও মেঘলা আকাশ। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বায়ুর মিশ্রণের ফলেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। উত্তরবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসছে, যার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গেও। কলকাতার তাপমাত্রা বাড়বে কি না, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না—এই নিয়ে জল্পনা তুঙ্গে।
IMD জানিয়েছে, দার্জিলিঙের উঁচু পার্বত্য অঞ্চলে আজ হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিও হতে পারে। তবে আগামীকাল সকাল থেকে আবহাওয়া শুষ্ক হয়ে যাবে। শিলিগুড়ি, কালিম্পং-এর মতো জায়গায় হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, তবে বড়সড় বৃষ্টির সম্ভাবনা নেই। পাহাড়ে ভ্রমণে যাওয়া পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ আবহাওয়ার কারণে রাস্তাঘাট পিচ্ছিল হতে পারে।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে, তবে দিনের বেলায় অস্বস্তিকর গরম অনুভূত হবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে থাকবে এবং বাতাসে আর্দ্রতা ৪৩ থেকে ৯৬ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।
আরও পড়ুনঃ শনিদেবের কৃপায় খুলবে সৌভাগ্যের দরজা! কোন রাশিগুলোর জন্য আসছে সুখবর?
পরবর্তী চার-পাঁচ দিনে দক্ষিণবঙ্গে বড়সড় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে, তবে কালবৈশাখীর দেখা এখনই মিলবে না। সকালে ও সন্ধ্যায় কিছুটা মনোরম পরিবেশ থাকলেও, দুপুরের দিকে রোদের দাপট বজায় থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও, পাহাড়ে ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে। তাই উত্তরবঙ্গে সফর করলে গরম পোশাক সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।





