US Tariff : মোদীর সঙ্গে ‘বন্ধুত্ব’ রাখল না আমেরিকা? ট্রাম্পের ধাক্কায় ভারতীয় বাজারে বিপদ!

বিশ্ব রাজনীতিতে অর্থনীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, আমেরিকার মতো পরাশক্তির বাণিজ্য নীতি শুধু একটি দেশকে নয়, গোটা বিশ্বকে প্রভাবিত করে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার আমদানি শুল্ক সংক্রান্ত কড়া সিদ্ধান্ত নিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন। কখনও চিনের বিরুদ্ধে ‘ট্রেড ওয়ার’ ঘোষণা করেছেন, কখনও ভারতসহ অন্যান্য দেশের ওপর শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হল না।

ভারত ও আমেরিকার সম্পর্ক বরাবরই ওঠা-নামার মধ্য দিয়ে গিয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কখনও খুব ভালো, কখনও আবার টানাপোড়েনের মধ্যে থেকেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠ বলেই জানা যায়। একাধিকবার তাঁদের বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য এবং কূটনীতি সবসময় ব্যক্তিগত বন্ধুত্বের ভিত্তিতে চলে না, চলে দেশের স্বার্থের ভিত্তিতে। আর সেই কারণেই এবার ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত ভারতের জন্য একরকম কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিল।

অনেকদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছিল। শেষমেশ মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন নতুন আমদানি শুল্কের হার। ট্রাম্প জানালেন, আমেরিকায় প্রবেশ করা বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন শুল্ক বসানো হবে, যার মধ্যে ভারতও রয়েছে। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘ভালো বন্ধু’, তাই তিনি ভারতের ক্ষেত্রে তুলনামূলকভাবে কিছুটা কম শুল্ক বসিয়েছেন।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ভারত আমেরিকার পণ্য আমদানির ক্ষেত্রে যে পরিমাণ শুল্ক নেয়, তার অর্ধেক হারে আমেরিকাও ভারতীয় পণ্যের ওপর শুল্ক বসাবে। তাঁর দাবি, ভারতীয় বাজারে আমেরিকার পণ্যের ওপর ৫২ শতাংশ শুল্ক বসানো হয়, তাই আমেরিকা এবার থেকে ভারতের পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক বসাবে। যদিও অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এই পরিসংখ্যান নিয়ে বিতর্ক রয়েছে।

আরও পড়ুনঃ Ssc verdict: ১০ বছর আগে পরীক্ষায় পাস, তবু চাকরি গেল! ফের পরীক্ষার সিদ্ধান্তে কান্নায় ভেঙে পড়লেন ২৬,০০০ শিক্ষক

শুধু ভারতই নয়, অন্যান্য দেশগুলোর ওপরও নতুন শুল্ক আরোপ করা হয়েছে। চিনের ক্ষেত্রে আমেরিকা ৩৪ শতাংশ শুল্ক বসিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে ২০ শতাংশ, জাপানের ক্ষেত্রে ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে ২৫ শতাংশ, পাকিস্তানের ক্ষেত্রে ২৯ শতাংশ এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে ৪৪ শতাংশ শুল্ক বসানো হয়েছে। তবে কানাডা ও মেক্সিকোর ক্ষেত্রে কোনো শুল্ক আরোপ করা হয়নি। ৯ এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে ঘোষণা করেছেন ট্রাম্প। এখন দেখার, এর ফলে বিশ্ব বাণিজ্যে কী প্রভাব পড়ে এবং ভারত এই সিদ্ধান্তের মোকাবিলা কীভাবে করে।

আরও অন্যান্য খবর