শুধু সীমান্ত নয়, এখন আর ঘুম নেই জেলখানার চার দেওয়ালের মধ্যেও। জম্মু-কাশ্মীরের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাতভর পাহারায় বসতে হচ্ছে নিরাপত্তারক্ষীদের। জেলের মধ্যে থাকা বন্দিদের জন্য নয়, বরং বাইরের হামলার ভয়েই জেগে থাকতে হচ্ছে কর্তৃপক্ষকে। সাধারণ মানুষের মধ্যেও এক অজানা আশঙ্কা ঘুরপাক খাচ্ছে—তাদের নিরাপত্তা কি আদৌ সুনিশ্চিত?
সম্প্রতি পহেলগাঁও হামলার পর থেকেই জঙ্গি তৎপরতা ফের মাথাচাড়া দিচ্ছে উপত্যকায়। অথচ এই মুহূর্তে অধিকাংশ জঙ্গিই সাজা কাটাচ্ছে শ্রীনগর, জম্মু কিংবা কোট ভালওয়াল জেলের ভিতরে। আর ঠিক এই কারণেই আতঙ্ক আরও তীব্র। এক সময় যেমন বাংলাদেশে কট্টরপন্থীরা জেলে হামলা চালিয়ে বন্দিমুক্তির চেষ্টা করেছিল, সেই একই পদ্ধতি কি এ বার উপত্যকায় বাস্তবায়িত হতে চলেছে? সাধারণ মানুষ মনে করছেন, রাজ্যপাল শাসিত জম্মু-কাশ্মীরের আইন-শৃঙ্খলা নিয়ে এবার বড় প্রশ্ন উঠতে চলেছে।
তবে এবার সময় থাকতে সতর্ক হয়েছে গোয়েন্দা সংস্থা। তাদের রিপোর্টে উঠে এসেছে, জম্মু-কাশ্মীরের একাধিক জেলে বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা। জম্মু ও শ্রীনগর সেন্ট্রাল জেল, কোট ভালওয়াল জেলের নিরাপত্তা ভেঙে জঙ্গিরা বন্দিমুক্তির ছক কষেছে বলেই খবর। এরই মাঝে সেনা ও পুলিশের তল্লাশিতে পুঞ্চের সুরানকোটে এক জঙ্গি আস্তানা খুঁজে পাওয়া যায়। যদিও এই তথ্য গোয়েন্দারা এখনই পুরোটাই প্রকাশ করছেন না, তবে ভিতর থেকে সূত্র মারফত জানা যাচ্ছে, জেলের নিরাপত্তা বেড়েছে এবং প্রতি মুহূর্তে চলছে পর্যবেক্ষণ।
সেনা সূত্রে খবর, পুঞ্চে চালানো অভিযানে একটি গোপন আস্তানা থেকে টিফিন বাক্সে ভরা আইইডি উদ্ধার হয়েছে। সেই বিস্ফোরক রাখা ছিল লোহার বালতির ভিতর। মোট তিনটি আইইডি উদ্ধার করা হয়েছে, যেগুলি থেকে বড়সড় বিস্ফোরণ ঘটানো যেত। এই বিস্ফোরকগুলি জেলের ভিতর ব্যবহার করে বড় হামলার পরিকল্পনা ছিল বলে সন্দেহ। তবে সময়মতো উদ্ধার হওয়ায় বড় বিপদ এড়ানো গেছে। তবে গোটা ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
আরও পড়ুনঃ Struggling girl : চাকরি পেলেও মনের শান্তি মেলেনি! পরিবারের হাল ধরতে রাস্তায় নামলেন বিটেক পড়ুয়া সুস্মিতা
২০২৩ সালে জম্মু-কাশ্মীরের জেলগুলির নিরাপত্তা সিআরপিএফের বদলে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই সিআইএসএফ-এর ডিজি এখন শ্রীনগরে পৌঁছে শীর্ষ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে একের পর এক বৈঠক সারছেন। সমস্ত কারাগারের নিরাপত্তা ব্যাবস্থা পুনর্বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। আপাতত বড়সড় কোনও ঘটনা না ঘটলেও গোয়েন্দা তথ্য বলছে, সামনের দিনগুলি চরম সতর্কতার। জম্মু-কাশ্মীরে জেল নিরাপত্তা এখন এক নতুন যুদ্ধক্ষেত্র।






