বৃষ্টির আওয়াজে ঘুম ভেঙেছে অনেকেরই। গত কয়েকদিন ধরে বাংলার আকাশে মেঘের আনাগোনা আর সঙ্গে মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টি যেন ঘরে বসে চায়ের কাপ হাতে কাটানোর আমেজ এনে দিয়েছিল। কিন্তু মনে প্রশ্ন একটাই—আসলে এই বৃষ্টি কতদিন চলবে? উইকএন্ড প্ল্যান কি এবারও জলেই ভেসে যাবে? অফিস, স্কুল কিংবা সপ্তাহান্তের নানা পরিকল্পনা কি আবার বাধাপ্রাপ্ত হবে? এই দুশ্চিন্তা দানা বাঁধছিল অনেকের মনে।
যে ভাবে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটল, তা দেখে অনেকেই আশঙ্কা করছিলেন ফের হয়তো ভারী বৃষ্টি কিংবা জল জমার সমস্যায় পড়তে হবে। কলকাতা থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে গত ক’দিনে মেঘলা আকাশ আর ঠান্ডা বাতাস যেন এক অস্থিরতা তৈরি করেছিল। কোথাও আবার দিনের আলোও স্পষ্ট হচ্ছিল না। ফেসবুক-হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া বিভিন্ন আবহাওয়ার আপডেট দেখে কেউ কেউ তো শুক্রবার ছুটি নেবেন কি না, সেই চিন্তাতেই ছিলেন!
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে নিম্নচাপটি বাংলাদেশের টাঙাইলের ৬০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি ঢাকার থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এবং মুর্শিদাবাদের বহরমপুরের থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে রয়েছে। গত ৬ ঘণ্টায় নিম্নচাপটি ২০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এই অবস্থানগত পরিবর্তনের কারণেই বাংলার উপর থেকে দুর্যোগের সম্ভাবনা কিছুটা হলেও কেটেছে।
বুধবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বৃহস্পতিবার সকালের দিকে শক্তি সঞ্চয় করে ‘অতি গভীর নিম্নচাপে’ পরিণত হয়। রায়দিঘির অদূরে এটি স্থলভাগে উঠে বাংলাদেশে প্রবেশ করে। সেই সময় থেকেই দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে আকাশ ঢেকে যায় মেঘে। যদিও সকালবেলা তেমন বৃষ্টি হয়নি, কিন্তু বিকেলের দিকে শুরু হয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ Astrology : জুনে অর্থ-বৃষ্টির সম্ভাবনা! বৃহস্পতির অস্তে ৩ রাশির ভাগ্য ফিরবে!অর্থ, কেরিয়ার ও সম্পর্কেও উন্নতি!
তবে শুক্রবার সকালে পাওয়া আবহাওয়া দফতরের বুলেটিনে মিলল কিছুটা স্বস্তি। নিম্নচাপটি ক্রমশ দুর্বল হচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তি হারাবে বলে জানানো হয়েছে। এর অভিমুখ এখন একেবারেই বাংলাদেশের দিকে। ফলে দক্ষিণবঙ্গে বড় কোনও দুর্যোগের আশঙ্কা আর নেই। রবিবার পর্যন্ত আকাশ মেঘলা থাকলেও খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যাঁরা উইকএন্ডে বাইরে বেরোনোর পরিকল্পনা করছেন, তাঁরা ছাতা সঙ্গে রাখলেই চলবে, তেমন কোনও বড় দুর্যোগ নেই।






