লকডাউনে মদের দোকান খোলা থাকবে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা, এই খবর প্রকাশ্যে আসতেই ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ অবস্থা হয় রাজ্যের মানুষের। যদিও যা দাম তার থেকে ৩০ শতাংশ বেশি গাঁটের কড়ি গুনতে হবে কিন্তু তাতে থোড়াই কেয়ার সুরাসক্তদের। সেইমত বেলা ১২টায় মদের দোকান খোলার আগেই সকাল থেকে পড়ে লম্বা লাইন। সেখানে সামাজিক দূরত্ব কী সেই নিয়ে কারোর কোনো হেলদোল নেই। খোদ ধর্মতলাতে মদের দোকানের সামনে লম্বা লাইন দেখে আঁতকে ওঠার জোগাড়। আর সেইসঙ্গে ভিড়। নাগেরবাজারের ডিম্পল প্লাজায় লাইন ৩০০ মিটার ছাড়িয়ে চলে যায় এবং মহারাজা বার সেন্ট্রাল জেলের সামনে মদের দোকানে প্রায় ৫০০ জন দাঁড়ায় লাইনে।
বাধ্য হয়ে সবজায়গায় পুলিশ আসরে আসে আর লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের সোশ্যাল ডিসট্যান্সিং মানতে বাধ্য করে। এমনকি সমস্ত জেলা থেকেও একই খবর পাওয়া গিয়েছে। রাজ্য সরকারে নির্দেশ অনুযায়ী, কনটেইনমেন্ট জোনের বাইরে বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মদের দোকান খোলা যাবে।
No mask No liquor অর্থাৎ মাস্ক পরা না থাকলে কাউকে মদ বিক্রি করা যাবে না। সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখার ব্যবস্থা করলে তবেই মদ বিক্রি করতে পারবেন বিক্রেতারা। মদের দোকানে ভিড় এড়াতে অনলাইনে মদ বিক্রিতে গুরুত্ব দিতে হবে। দোকানের বাইরে সঠিক জায়গায় মদের নতুন দামের বিজ্ঞপ্তি টাঙাতে হবে। কোনও বার, হোটেল, রেস্তরাঁ, ক্লাব মদ বিক্রি করতে পারবে না।






