ভেগান রেস্তরাঁয় গিয়ে কেউ যদি হঠাৎ করে ব্যাগ খুলে বসে পড়েন চিকেন খেতে, তাহলে সেটা নিছক কাকতালীয় ঘটনা না ইচ্ছাকৃত অপমান—এই প্রশ্নই এখন তোলপাড় করছে সোশ্যাল মিডিয়ায়। লন্ডনের বিখ্যাত ইসকন গোবিন্দ রেস্তরাঁকে ঘিরে এমনই এক বিতর্কে উত্তাল নেটদুনিয়া। সেই রেস্তরাঁর ভিতরেই দেখা গেল এক ব্যক্তিকে আয়েশ করে চিকেনের লেগে কামড় বসাতে! আর তারপর থেকেই ভাইরাল ভিডিও ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক।
ভাইরাল হওয়া ভিডিওটি প্রথমে ফেসবুক, তারপর একে একে টুইটার, ইনস্টাগ্রাম ঘুরে পৌঁছেছে সকলের নজরে। তাতে দেখা গিয়েছে, এক ব্যক্তি ইসকনের রেস্তরাঁয় ঢুকে কর্মীদের জিজ্ঞেস করছেন—“এখানে কি মাংস পাওয়া যায়?” রেস্তরাঁর কর্মীরা সাফ জানিয়ে দেন, এখানে কোনও মাংস, পেঁয়াজ, রসুন কিছুই বিক্রি হয় না। তাতে অবশ্য থেমে যাননি তিনি। ব্যাগ থেকে নিজের সঙ্গে আনা একটি KFC-এর চিকেন বাকেট বের করে ইসকনের ভিতরেই শুরু করেন মাংস খাওয়া!
নিরামিষ খাবারের রেস্তরাঁয় এমন কাণ্ডে হতবাক হয়ে যান রেস্তরাঁর কর্মীরাও। ভিডিওতে শোনা গিয়েছে, এক কর্মী তাঁকে বোঝানোর চেষ্টা করছেন, এটি ভেগান স্থান। কিন্তু তিনি কোনও কথায় কান না দিয়ে দিব্যি দাঁড়িয়েই মাংস খেতে থাকেন। এমনকি, এক গ্রাহক তাঁকে বলেন, “আপনি ঠিক করছেন না, এটি নিয়ম বিরুদ্ধ।” কিন্তু তাতেও তিনি থামেননি। শেষে নিরাপত্তারক্ষীদের ডেকে তাঁকে রেস্তরাঁ থেকে বার করে দেওয়া হয়।
এই ঘটনা কেবল রেস্তরাঁর নিয়মভঙ্গ নয়, অনেকেই এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবেই দেখছেন। কেউ কেউ বলছেন, “এই কাজটা ইচ্ছাকৃত, উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিন্দু ধর্মের সংস্কৃতিকে অসম্মান করা।” অন্য এক নেটিজেন লেখেন, “রেস্তরাঁয় বাইরের খাবার তো কোনও ভাবেই ঢোকানো যায় না। সেখানে নিরামিষ স্থানে মাংস খাওয়াটা সাংঘাতিক অন্যায়।”
আরও পড়ুনঃ সূর্য-বুধের যুগলবন্দিতে দুর্দান্ত রাজযোগ! অগস্ট ১৬ পর্যন্ত ৬ রাশির জীবনে ধরা দেবে সাফল্য ও সৌভাগ্য
ভিডিও ঘিরে যখন চরম বিতর্ক ছড়াচ্ছে, তখনই অনেকেই দাবি তুলেছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে যেন পুলিশে অভিযোগ দায়ের করা হয়। যদিও ভিডিওর সত্যতা এখনও খবর ২৪৭ যাচাই করেনি*, তবে অনেকেরই প্রশ্ন—“এত সাহস কীভাবে হয়?” আইন মোতাবেক এমন ঘটনাকে ‘public nuisance’ বা ‘religious provocation’-এর আওতায় এনে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া উচিত বলেও মত প্রকাশ করেছেন অনেকে।





