কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি রাজ্যপাল হয়ে এখনও তিনি জানতে পারলেন না, কিন্তু তা মিডিয়ার কাছে পৌঁছে গিয়েছে। যথারীতি তিনি ‘অপমানিত’ ও ‘ক্ষুদ্ধ’ হয়েছেন। তাই মুখ্যমন্ত্রীকে এই নিয়ে চিঠিও দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিষয়টি নিয়ে তিনি টুইটও করেছেন।
মেয়র হিসেবে নয়, প্রশাসক হিসেবে ৮ মে থেকে কলকাতা পুরসভার দায়িত্ব নিতে চলেছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার ইতিহাসে প্রথমবারের জন্য প্রশাসক বসানো হল। প্রশাসক হিসেবে শুরুতেই রয়েছে ফিরহাদ হাকিমের নাম। তালিকায় দ্বিতীয় নামটি হল ডেপুটি মেয়র অতীন ঘোষের। এরপর যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন, দেবব্রত মজুমদার, দেবাশিস কুমার, মনজার ইকবাল, সামসুজ্জমান আনসারি, তারক সিং, ইন্দ্রানী সাহা ব্যানার্জি, স্বপন জমাদ্দার, আমিরুদ্দিন(ববি), রতন দে, রাম প্যারে রাম, অভিজিৎ মুখার্জি, বৈশ্বানর চ্যাটার্জি।
Sent to Chief Secretary @MamataOfficial
“The notification dated May 06 about Kolkata Municipal Corporation is yet to be made available. From every consideration this should have been sent to Raj Bhawan without delay.This notification is widely in circulation in media. (1/3)— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 7, 2020
বুধবার রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে দেওয়া হয়েছিল। আরও জানানো হয়েছিল রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্ট-এ ফিরহাদ হাকিমকে প্রশাসক হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল।
কিন্তু বোমা ফাটে বৃহস্পতিবার সকালে। এদিন সকালে টুইট করে রাজ্যপাল বলেছেন মিডিয়ার হাতে বিজ্ঞপ্তি পৌঁছে গেলেও, এখনও তাঁর হাতে পৌঁছয়নি। দেরি না করে সেই বিজ্ঞপ্তি যাতে রাজভবনে পাঠানো হয়, সেই কথাও জানিয়েছেন তিনি। কারা কীভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন, তাও জানতে চেয়েছেন রাজ্যপাল। এই ব্যাপারে তিনি সংবিধানের উল্লেখ করেছেন।
টুইটে রাজ্যপালের অভিযোগ, তাঁর নামে অর্ডার করা হলেও, তিনি কিছুই জানেন না। কোনওভাবে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি।
যদিও এখনও কোনো জবাব মেলেনি রাজ্যের তরফে। কিন্তু এই ঘটনায় রাজ্যপাল ও রাজ্য সরকার সংঘাত আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।






