কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাই যাঁরা বিকেলের দিকে পুজোর কেনাকাটা বা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের একটু সমস্যা হতে পারে। শুধু দক্ষিণ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়তে চলেছে, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিম দিকে সরে গেছে। ফলে তার সরাসরি প্রভাব রাজ্যে পড়ছে না। তবে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, আর সেটাই বৃষ্টির পরিবেশ তৈরি করছে। যদিও আগের তুলনায় বৃষ্টি কিছুটা কমেছে।
শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। রবিবার থেকে বৃষ্টি আরও বাড়বে। সেদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম আর নদিয়ায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে রাজ্যের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে বলে অনুমান। তবে মঙ্গলবার বৃষ্টি সীমিত থাকবে মূলত হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর আর বাঁকুড়ায়। তার পর থেকে আপাতত বড় কোনও সতর্কতা নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি চলবে। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, সোমবার দার্জিলিং, কালিম্পং আর কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। আবার বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ Kolkata Metro : অন্ধকার সুড়ঙ্গে রহস্যময় ছায়া! গভীর রাতে পার্কস্ট্রিটে অদ্ভুত কাণ্ড!
এদিকে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, সেটাও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি।





