বাংলায় করোনা ধীরে ধীরে তার থাবা বসিয়েছে। গোটা বাংলায় করোনা পরিস্থিতি ধীরে ধীরে সঙ্গীন হচ্ছে। বাংলায় করোনায় মৃত্যুর ঘটনা অব্যাহত। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় বলি হয়েছেন আরও ১১ জন। শনিবার সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
শনিবার নবান্নের দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত শুক্রবার পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছিল ৮৮। শনিবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৯৯। আর কো-মরবিডিটিতে মৃত্যু হয়েছে আরও ৭২ জনের। এখানে বিরোধীরা জলঘোলা করতে শুরু করে দিয়েছেন যে, কেন রাজ্য করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৭১ বলছে না।
করোনায় আক্রান্তের ঘটনাও একটু একটু করে বাড়ছে। এদিন রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৭৮৬। যার মধ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,২৪৩।
কিন্তু একটি পরিসংখ্যান লক্ষ্যণীয়, গত শুক্রবার ১৩০ জনের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছিল। যার অর্থ, গতকালের তুলনায় আজ রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ-মুক্ত হয়েছেন আরও ৪৯ জন। ফলে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৩৭২ জন করোনাকে জয় করে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। আর রাজ্যে এখন সরকারি কোয়ারেনটাইনে আছেন ৫,৪৭৮ জন। আর ৯,৪৯৬ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত কয়েকদিন থেকে রাজ্যে টেস্টের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৩,৬০১টি, যা একদিনে এখনও পর্যন্ত সর্বোচ্চ। ফলে মোট টেস্টের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫,৭৬৭।






