ঈদ উপলক্ষে লকডাউন শিথিল করবেন না, মমতাকে অনুরোধ করে চিঠি ইমামদের

আনুমানিক আগামী ২৫শে মে এইবছরের ঈদ উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে ঈদে কী হবে তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মধ্যেই। ঈদে কি লকডাউন শিথিল হবে? না কি ঘরবন্দি হয়েই কাটবে এবারের খুশির ঈদ? এসব জল্পনার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ইমামদের সংগঠন। চিঠিতে মুখ্যমন্ত্রীকে তাঁদের অনুরোধ, দয়া করে ঈদে লকডাউন শিথিল করবেন না। 

ইতিমধ্যে ঈদের কেনাকাটা লাটে উঠেছে। তাতে সাধারণ মানুষের খারাপ লাগা তো আছেই, ব্যবসায়ীদেরও মাথায় হাত পড়েছে। তবে করোনা সংক্রমণ যে হারে ছড়াচ্ছে তার মধ্যে লকডাউনের সিদ্ধান্তের বিরোধিতা করছেন না কেউ। বিশেষ করে রাজ্যের একাধিক মুসলিম অধ্যুষিত এলাকায় সংক্রমণের চেহারা অত্যন্ত ভয়াবহ আকার নিয়েছে। এই পরিস্থিতিতে লকডাউন শিথিল হলে যে কী পরিণতি হতে পারে তা বিলক্ষণ জানা আছে ইমামদের। তাই মুখ্যমন্ত্রীকে ঈদ উপলক্ষে লকডাউন না তোলার বিনীত অনুরোধ করেছেন তাঁরা। তাঁরা আরও অনুরোধ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ৩০ মে-র আগে লকডাউন তুলে নিলেও রাজ্য সরকার যেন তা না করে। 

তাঁরা চিঠিতে লিখেছেন, “পশ্চিমবঙ্গের স্বার্থে অন্তত ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিন। আগে মানুষ বাঁচুক, তার পর উৎসব। আমরা এত ত্যাগ করেছি, আরও করব।”

আরও অন্যান্য খবর