ভিনরাজ্য থেকে শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনা নিয়ে রাজ্য-কেন্দ্র চাপানউতোর লেগেই আছে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ট্রেন ঢোকার অনুমতি দিচ্ছেন না। সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেতৃত্ব। শুরু হয়ে যায় প্রতিবাদ। শনিবার রাতের বেলা রেলমন্ত্রক থেকে টুইট করে জানানো হয়, শনিবার বিকালে রাজ্য পাঞ্জাব থেকে দুটি, তামিলনাড়ু থেকে দুটি, কর্ণাটক থেকে তিনটি ও তেলেঙ্গানা থেকে একটি ট্রেন রাজ্যে প্রবেশ করার অনুমতি দিয়েছে। তাই সেই ট্রেনগুলির ব্যবস্থা করা হচ্ছে।
কিন্তু এখানেও বজায় রয়েছে রাজনৈতিক ভেদাভেদ। রেলমন্ত্রক এটাও জানিয়েছে, পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র থেকে কোনো ট্রেন রাজ্যে ঢোকার অনুমতি দেয়নি, যেখানে এইমুহুর্তে ১৬টি ট্রেন দরকার ছিল মহারাষ্ট্র থেকে রাজ্যে শ্রমিকদের ফেরার জন্য। কেন্দ্র থেকে ৬টি ট্রেনের অ্যাপ্রুভাল রাজ্য এখনও দেয়নি।
এই টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। রাজ্য অনেকক্ষণ আগেই ঘোষণা করে দিয়েছিল আটটি ট্রেন ঢোকার কথা সেখানে রেলমন্ত্রক এত পরে টুইট কেন করছে সেই নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। তারপর মহারাষ্ট্র থেকে ট্রেন ঢুকতে না দেওয়ার টুইট নিয়েও উঠেছে বিতর্ক। সবমিলিয়ে ট্রেন নিয়ে চাপানউতোর চলছে রাজ্য ও কেন্দ্রের মধ্যে, মাঝখান থেকে প্রাণ যাচ্ছে নিরীহ শ্রমিকদের, এমনটাই মনে করছেন সবাই।






