পাকিস্তানে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আফগানিস্তানের একাধিক সংবাদমাধ্যমে দাবি করার পর যে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান নাকি মারা গিয়েছেন। এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন ওঠে। যদিও পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে যে এই দাবি ভিত্তিহীন, তবে সরকারের বারবার অস্বীকারই গুজবকে আরও উসকে দিচ্ছে বলে অভিযোগ করছেন পিটিআই-সমর্থকরা।
ইমরানের স্বাস্থ্যের অবস্থা জানতে মঙ্গলবার জেলের বাইরে ভিড় জমিয়েছিলেন পিটিআই সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে নিরাপত্তা বাড়ানো হয়। সেই সময়ই ঘটে চাঞ্চল্যকর ঘটনা—ইমরান খানের তিন বোনকে জেলের বাইরে টেনেহিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিসের বিরুদ্ধে। নিয়মিত সাক্ষাৎ করতে এলে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। ক্ষুব্ধ বোনেরা জেলের সামনে প্রায় দশ ঘণ্টা অবস্থান করেন। তাঁদের অভিযোগ, এক মহিলা পুলিস অফিসার নাওরিনের চুল ধরে টেনে মাটিতে ফেলে দেন এবং বাকি দুই বোনকেও মারধর করা হয়।
পিটিআই-এর দাবি, বোনদের একবার অন্তত ইমরানের সঙ্গে দেখা করতে দিলে মৃত্যুর গুজব থামানো যেত। কিন্তু সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে সেই অনুমতি দেওয়া হয়নি। এতে দলের দাবি, সরকার যেন নিজেই গুজবকে শক্তিশালী করছে। ইমরানের পরিবারের মতে, তাঁকে দীর্ঘদিন ধরে একটি অন্ধকার সেলে অমানবিক অবস্থায় রাখা হচ্ছে, এবং সেই পরিস্থিতিতে যে কোনও ভয়াবহ ঘটনা ঘটতেই পারে।
ইমরানের বোন আলিমা খান সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাঁদের সঙ্গে চলা দুর্ব্যবহার পাক সরকারের নীতি ও নৈতিকতার দেউলিয়া অবস্থাই প্রমাণ করে। তিনি পেশোয়ারে আন্দোলনে যোগ দেওয়ার ডাক দিয়ে বলেন, ইমরানের প্রতি অত্যাচার এবং ৯ মে-র শহিদদের জন্য মানুষকে একজোট হতে হবে। পিটিআই নেতৃত্বও অভিযোগ করেছে যে রাজনৈতিক প্রতিশোধ নিতে ইমরানকে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে এবং তাঁর পরিবারের উপর নির্যাতন তা-ই প্রমাণ করছে।
আরও পড়ুনঃ Kunal Kamra : কুণাল কামরার নতুন ছবি ঘিরে তুমুল বিতর্ক! RSS নিয়ে বিতর্কিত পোস্টে সোশাল মিডিয়ায় সমালোচনা, বিজেপি ও শিবসেনা কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি!
ইমরান খান বর্তমানে রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং দুর্নীতিসহ একাধিক মামলায় জেলবন্দি। তবে তাঁর সমর্থকরা বারবার বলছেন, অভিযোগগুলোর বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সাম্প্রতিক গুজব এবং বোনদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা পাকিস্তানে আলোড়ন সৃষ্টি করেছে। সরকার সত্যি গোপন করছে কি না—এই প্রশ্ন এখন দেশজুড়ে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।





