ভারত–পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আবেগ আর রাজনৈতিক সুর চড়া বিতর্ক। মাঠের লড়াই শুরুর আগেই কখনও কখনও বাইরের ঘটনাই ম্যাচের থেকেও বড় হয়ে ওঠে। ১৫ ফেব্রুয়ারির বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ম্যাচকে ঘিরে এবার তেমনই এক বিতর্ক সামনে এল, যেখানে প্রযুক্তিকে হাতিয়ার করে তৈরি করা হল নতুন বিভ্রান্তি।
সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন শো-তে, যা সঞ্চালনা করছিলেন প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক, সেখানে একটি অডিয়ো ক্লিপ সম্প্রচার করা হয়। দাবি করা হয়, বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা নাকি পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেলতে অনুরোধ করেছেন। শো-তে শোনানো সেই অডিয়োতে এমন একটি কণ্ঠ শোনা যায়, যা রাজীব শুক্লার বলে দাবি করা হয়। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সামনে আসে অন্য ছবি।
রাজীব শুক্লা নিজেই সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে জানান, তাঁর কণ্ঠস্বর নকল করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে অডিয়ো বদলে দেওয়া হয়েছে। তিনি লেখেন, ভারত–পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ নিয়ে তাঁর বক্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়ো। তিনি সকলকে অনুরোধ করেন, এমন বিভ্রান্তিকর কনটেন্টে বিশ্বাস না করতে এবং যেখানে দেখা যাবে, সেখানে রিপোর্ট করতে।
পাকিস্তানের ওই শো-তে শোনা যায়, বিসিসিআই নাকি পাকিস্তানকে রাজি করাতে বারবার অনুরোধ করেছে এবং আইসিসির আলোচনার ফলাফল নিয়ে রাজীব শুক্লা সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু শুক্লা সাফ জানিয়ে দেন, এই বক্তব্য তাঁর নয় এবং তিনি এমন কোনও বার্তাও দেননি। প্রযুক্তির অপব্যবহার করে আন্তর্জাতিক ম্যাচের আগে এই ধরনের প্রচার যে নতুন মাত্রা যোগ করেছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।
আরও পড়ুনঃ Suvendu Adhikari post: “তৃণমূলের গুণ্ডারা পতাকা জ্বালিয়েছে!”— শুভেন্দুর বিস্ফোরক অভিযোগে তপ্ত ভবানীপুর! পাল্টা ‘ছিঁচ কাঁদুনে’ কটাক্ষ তৃণমূলের!
উল্লেখ্য, কিছুদিন আগে পাকিস্তান ঘোষণা করেছিল যে তারা ১৫ ফেব্রুয়ারির ম্যাচ খেলবে না। পরে আর্থিক ক্ষতির আশঙ্কা ও আইসিসির মধ্যস্থতায় অবস্থান বদলায় ইসলামাবাদ। শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচ খেলতে রাজি হয়। তবে এই গোটা বিতর্কের মাঝে বাংলাদেশের নামও জড়িয়ে পড়ে, কারণ বিশ্বকাপ ঘিরে তাদের অবস্থান নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। সব মিলিয়ে ম্যাচের আগেই কূটনৈতিক ও প্রযুক্তিগত টানাপোড়েন যেন আরও একবার মনে করিয়ে দিল—ভারত–পাকিস্তান লড়াই শুধু ২২ গজে সীমাবদ্ধ থাকে না।






