বিগ বসের ঘরে সম্পর্কের সমীকরণ যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে, তা আবারও স্পষ্ট। যে প্রতিযোগীর সঙ্গে কিছুদিন আগেও হাসি-ঠাট্টা, বন্ধুত্ব আর একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছিল, এবার তাঁর আচরণেই বিরক্ত হয়ে উঠলেন নন্দিনী দত্ত। শুধু বিরক্তি প্রকাশ করাই নয়, রাজবীর দে-কে একান্তে এমন কিছু কথা বললেন অভিনেত্রী, যা ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। তাহলে কি জীতু কামালের সঙ্গে নন্দিনীর বন্ধুত্বে এবার সত্যিই ফাটল ধরল?
বিগ বস বাংলার ঘরে জীতু কামাল প্রবেশ করার পর থেকেই রাজবীর ও নন্দিনীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নজরে পড়েছিল। কিন্তু লাক্সারি বাজেট টাস্ক চলাকালীন পরিস্থিতি বদলে যায়। পিরামিড তৈরির খেলায় প্রতিযোগীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। অভিযোগ, পিরামিড ভাঙার বদলে জীতু প্রতিপক্ষের সদস্যদের লক্ষ্য করে বল ছুড়তে শুরু করেন। সেই সময় সৃজলা গুহ, দুর্নিবার সাহা, মনামী ঘোষ এবং সোনামণি সাহার আঘাত লাগার কথা সামনে আসে। বিশেষ করে মনামীকে বারবার লক্ষ্য করার বিষয়টি নিয়েই প্রশ্ন উঠেছে।
এই ঘটনার পরেই রাজবীরের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের বিরক্তি চেপে রাখতে পারেননি নন্দিনী। জীতুর আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, অভিনেতা এবার বেশ সমস্যায় পড়তে পারেন। তাঁর মতে, মেয়েদের সঙ্গে এমন আচরণ করা মোটেই ঠিক নয়। নন্দিনী আরও বলেন, জীতুর সঙ্গে বেশি মেলামেশা না করাই ভালো। এমনকী, টাস্কের সময় কোমরে বল লাগার বিষয়টিও উল্লেখ করেন তিনি। অর্থাৎ, প্রতিযোগিতার নামে শারীরিকভাবে আঘাত করার বিষয়টি যে তাঁর একেবারেই পছন্দ হয়নি, তা স্পষ্ট করে দেন নন্দিনী।
আরও পড়ুনঃ ‘বিগ বস’-এ মেয়ের যাওয়া একেবারেই চাননি বাবা! নন্দিনী দত্তকে নিয়ে কীসের এত আপত্তি, জানালেন নিজেই
এখন প্রশ্ন, এই ঘটনার পর রাজবীর ও নন্দিনীর সঙ্গে জীতুর সম্পর্ক কোন দিকে এগোবে? বিগ বসের ঘরে বন্ধুত্ব যেমন তৈরি হয় দ্রুত, তেমনই সামান্য ঘটনাতেও দূরত্ব বাড়তে সময় লাগে না। জীতুর এই আচরণ নিয়ে সপ্তাহান্তে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় কী বলেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। তবে আপাতত নন্দিনীর মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, লাক্সারি বাজেট টাস্কের উত্তেজনা শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং ঘরের সদস্যদের ব্যক্তিগত সমীকরণেও প্রভাব ফেলেছে।






