Pakistan player: আন্তর্জাতিক মঞ্চে লজ্জার ছবি! হোটেলের বিল শোধে টান , বিদেশে বাসন মাজলেন পাকিস্তান খেলোয়াড়রা!

আন্তর্জাতিক মঞ্চে খেলতে গেলে শুধু প্রতিপক্ষ নয়, দেশের সম্মানও কাঁধে নিয়ে নামতে হয়। কিন্তু কখনও কখনও মাঠের বাইরের ঘটনাই বড় হয়ে ওঠে মাঠের ফলাফলের থেকেও। ঠিক তেমনই এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে পাকিস্তানের জাতীয় হকি দলকে। বিদেশ সফরে গিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন খেলোয়াড়রা, তা রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে ক্রীড়া মহলে।

এফআইএইচ প্রো লিগের দ্বিতীয় লেগ খেলতে অস্ট্রেলিয়া সফরে যায় পাকিস্তান দল। রাজধানী ক্যানবেরায় পৌঁছনোর পর ম্যাচে পরাজয়ের ধাক্কা তো ছিলই, তার মাঝেই সামনে আসে আরও বড় সমস্যা। অভিযোগ, পাকিস্তান হকি ফেডারেশন সময়মতো অর্থ পরিশোধ না করায় হোটেলের বুকিং বাতিল হয়ে যায়। ফলে খেলোয়াড়দের ঘণ্টার পর ঘণ্টা লাগেজ নিয়ে অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়।

ঘটনাটি প্রকাশ্যে আনেন পাকিস্তান অধিনায়ক ইমাদ বাট। তাঁর কথায়, সিডনিতে নামার পর ১২ থেকে ১৫ ঘণ্টা কার্যত অসহায় অবস্থায় থাকতে হয়েছে দলকে। ঠিকমতো খাবারও মেলেনি। এমনকি রান্নাঘর পরিষ্কার করা এবং বাসন মাজার কাজেও হাত লাগাতে হয়েছে খেলোয়াড়দের। প্রথমে সব ঠিক আছে বলে একটি ভিডিও প্রকাশ করা হলেও পরে তিনি স্বীকার করেন, যে খবর বাইরে এসেছে তা সম্পূর্ণ সত্য।

সূত্রের দাবি, ক্যানবেরায় চার তারকা হোটেলে থাকার কথা ছিল দল ও কর্মকর্তাদের। জানানো হয়েছিল সব খরচ মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যায়, কোনও কক্ষই সংরক্ষিত নেই। পরে স্থানীয় পাকিস্তানি সম্প্রদায় এগিয়ে এসে সাময়িক ব্যবস্থা করেন। অবশেষে অল্প কয়েকটি ঘরে গাদাগাদি করে থাকতে হয় খেলোয়াড়দের—এক একটি ঘরে দুই থেকে তিনজন করে। পরদিন সেখান থেকেই সরাসরি মাঠে নামতে হয়।

আরও পড়ুনঃ Amit Shah: মায়াপুরে ‘হরে কৃষ্ণ’ ধ্বনি, ভোটের আগে নদিয়ায় দাঁড়িয়ে কী বার্তা দিলেন অমিত শাহ?

ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া একটি জাতীয় দলের এমন দুরবস্থা কেন হবে? মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রশাসনিক বিশৃঙ্খলার ছাপ কি পারফরম্যান্সেও পড়ল? এই ঘটনায় কেবল একটি দলের নয়, গোটা দেশের ক্রীড়া ব্যবস্থাপনাই এখন কাঠগড়ায়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর