প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। তাঁর মৃত্যুর পর কেটে গিয়েছে কয়েকটি দিন, তবুও শোকের আবহ কাটেনি পরিবারে। বিশেষ করে তাঁর নাতনি জ়ানাই বারবার ঠাকুরমার স্মৃতিচারণ করে আবেগঘন বার্তা দিচ্ছেন। তাঁর কথায় স্পষ্ট, এই ক্ষতি মেনে নেওয়া এখনও কঠিন হয়ে রয়েছে।
সম্প্রতি আশার অস্থি বিসর্জনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বেনারসের গঙ্গায়। পরিবারের সদস্যরা উপস্থিত থেকে সমস্ত নিয়ম মেনে পুজো ও আচার পালন করেন। প্রাথমিক রীতিনীতি সম্পন্ন করেন তাঁর ছেলে আনন্দ ভোসলে। এরপর অস্থি বিসর্জনের দায়িত্ব নেন নাতনি জ়ানাই।
এই সময় জ়ানাইয়ের আবেগ ধরা পড়ে সকলের সামনে। তিনি নিজেই জানিয়েছেন, ঠাকুরমাকে হারিয়ে যেন নিজের সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছেন। তাঁর জীবনের প্রতিটি ছোট মুহূর্তে আশার উপস্থিতি ছিল, তাই এই শূন্যতা তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।
জ়ানাইয়ের কথায় উঠে এসেছে তাঁদের সম্পর্কের আন্তরিকতা। তিনি জানান, ছোটবেলা থেকে ঠাকুরমাই তাঁর সব আনন্দ, দুঃখ এবং দুষ্টুমির সঙ্গী ছিলেন। প্রতিদিনের জীবনে তাঁর অভ্যাসে পরিণত হয়েছিল আশার সঙ্গে সময় কাটানো, যা এখন হঠাৎ করেই থেমে গেছে।
আরও পড়ুনঃ টেলিভিশনের পর্দায় নতুন মেগা “ঘূর্ণি”! ধারাবাহিকের আগমনে স্লট বদলের জল্পনা! অনিশ্চয়তায় জনপ্রিয় মেগা!
অন্যদিকে, জীবনের শেষ সময় মুম্বইয়ের বাড়িতেই কাটিয়েছেন আশা ভোসলে। শহরের বিভিন্ন জায়গায় তাঁর একাধিক সম্পত্তি রয়েছে, পাশাপাশি পুণেতেও রয়েছে একটি বাড়ি। তাঁর এই সম্পত্তির উত্তরাধিকার হিসেবে পরিবারের সদস্যরাই দায়িত্ব নেবেন, এমনটাই জানা গেছে।





