মাত্র কয়েক দিনের মধ্যে দেশের রাজনৈতিক ও সমাজমাধ্যমের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি নাম ‘ককরোচ জনতা পার্টি’ বা CJP। নাম শুনে প্রথমে অনেকেই এটিকে নিছক মজা বা ব্যঙ্গ হিসেবেই ভেবেছিলেন। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই এই প্ল্যাটফর্মকে ঘিরে আগ্রহ বেড়েছে। ইনস্টাগ্রাম থেকে এক্স হ্যান্ডেল সর্বত্র ছড়িয়ে পড়েছে এই নতুন ডিজিটাল আন্দোলনের প্রচার। সবচেয়ে বেশি চর্চার বিষয়, মাত্র পাঁচ দিনের মধ্যেই তাদের ইনস্টাগ্রাম ফলোয়ার্স পৌঁছে গিয়েছে প্রায় ১৪.৯ মিলিয়নে। শুধু ভারত নয়, বাংলাদেশ, পাকিস্তান এবং আমেরিকা থেকেও বিপুল সংখ্যক মানুষ এই পেজকে ফলো করছেন বলে দাবি উঠেছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদের নামও এই প্ল্যাটফর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন এটি কি সত্যিই যুবসমাজের প্রতিবাদী প্ল্যাটফর্ম, নাকি ধীরে ধীরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এক নতুন ডিজিটাল শক্তিতে পরিণত হচ্ছে?
এই ‘ককরোচ জনতা পার্টি’ তৈরি হওয়ার পিছনে রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি বিতর্কিত মন্তব্য। আদালতের শুনানির সময় তিনি বেকার তরুণ-তরুণীদের একাংশকে ‘আরশোলা’র সঙ্গে তুলনা করেছেন বলে অভিযোগ ওঠে। তাঁর মন্তব্য ঘিরে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। বহু যুবক-যুবতী সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন। যদিও পরে বিচারপতি জানান, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং দেশের যুবসমাজকে তিনি সম্মানই করেন। কিন্তু ততক্ষণে ক্ষোভ ছড়িয়ে পড়ে ডিজিটাল মাধ্যমে। সেই আবহেই তৈরি হয় ‘ককরোজ জনতা পার্টি’(Cockroach Janta Party)। শুরুতে এই প্ল্যাটফর্ম নিজেদের ‘ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন’ হিসেবে তুলে ধরলেও, খুব দ্রুতই তা বড় আকার নিতে শুরু করে। নিট (NEET) কেলেঙ্কারি, ভোটার তালিকা বিতর্ক, বিচারব্যবস্থা থেকে শিক্ষা ব্যবস্থা একাধিক ইস্যুতে সরব হতে দেখা যায় এই সংগঠনকে। প্রশ্ন উঠছে, শুধুই প্রতিবাদী প্ল্যাটফর্ম হিসেবে কি এটি তৈরি হয়েছিল, নাকি শুরু থেকেই এর পিছনে বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য ছিল?
এই আন্দোলনের মুখ অভিজিৎ ডিপকে, বয়স মাত্র ৩০। বর্তমানে তিনি আমেরিকার বস্টন ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন। অর্থাৎ তিনি এখন ভারতে থাকেন না। তবে ভারতীয় রাজনীতি এবং দেশের যুবসমাজের বিভিন্ন সমস্যা নিয়েই দীর্ঘদিন ধরে সমাজমাধ্যমে সক্রিয় তিনি। জানা গিয়েছে, একসময় আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া শাখার সঙ্গেও যুক্ত ছিলেন অভিজিৎ। দিল্লি বিধানসভা নির্বাচনের সময় আপের হয়ে ডিজিটাল প্রচারেও কাজ করেছিলেন তিনি। তার দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ দাবি করেছেন, দেশের যুবসমাজের প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরতেই এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। তাঁর কথায়, “আমরা করদাতাদের টাকায় কিছু করতে আসিনি, আমরা প্রশ্ন করতে এসেছি।” এআই ব্যবহার করে বন্ধুদের সঙ্গে মিলে ওয়েবসাইটও তৈরি করেছেন তিনি। নিজেদের সংগঠনকে ‘ধর্মনিরপেক্ষ’, ‘সমাজতান্ত্রিক’, ‘গণতান্ত্রিক’ এবং ‘জাতিবিদ্বেষ বর্জিত’ বলে দাবি করছে CJP।
তবে এখান থেকেই শুরু হচ্ছে বড় প্রশ্ন। কারণ যে প্ল্যাটফর্ম প্রথমে যুবসমাজের সম্মান এবং বেকারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তৈরি হয়েছিল, সেটি কি ধীরে ধীরে শুধুমাত্র বিজেপি বিরোধী প্রচারের কেন্দ্র হয়ে উঠছে? সমাজমাধ্যমে CJP-র পোস্টগুলি লক্ষ্য করলে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একাধিক ব্যঙ্গাত্মক ছবি, মিম এবং বিজেপি বিরোধী বক্তব্য নিয়মিতভাবে শেয়ার করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করা হচ্ছে, কিন্তু অন্য রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে সেই একই মাত্রার আক্রমণ খুব একটা চোখে পড়ছে না। ফলে সাধারণভাবেই প্রশ্ন উঠছে এটি কি আদতে একটি নিরপেক্ষ যুব আন্দোলন, নাকি সুপরিকল্পিত এন্টি বিজেপি ডিজিটাল ক্যাম্পেইন?
আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, অভিজিৎ ডিপকের অতীত রাজনৈতিক যোগাযোগ। তিনি আগে আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং CAA আন্দোলন-সহ একাধিক বিজেপি বিরোধী প্রতিবাদে অংশ নিয়েছিলেন। ফলে সমালোচকদের একাংশ মনে করছেন, CJP নতুন কোনও নিরপেক্ষ রাজনৈতিক বিকল্প নয়, বরং পুরনো রাজনৈতিক মতাদর্শেরই নতুন ডিজিটাল সংস্করণ। যুবসমাজের ক্ষোভকে ব্যবহার করে সমাজমাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করাই কি এর আসল উদ্দেশ্য? কারণ একটি সংগঠন যদি সত্যিই দেশের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে তার বক্তব্য এবং সমালোচনা সব রাজনৈতিক দলের বিরুদ্ধেই সমান হওয়া উচিত। কিন্তু বর্তমানে CJP-র অধিকাংশ পোস্ট এবং অনলাইন কার্যকলাপ শুধুমাত্র বিজেপিকে নিশানা করছে বলেই অভিযোগ উঠছে।
এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদের নাম সামনে আসা নতুন করে বিতর্ক বাড়িয়েছে। পশ্চিমবঙ্গে সম্প্রতি বিজেপি উল্লেখযোগ্য রাজনৈতিক সাফল্য পাওয়ার পর, তৃণমূল ঘনিষ্ঠ নেতাদের এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে নাম জড়ানো অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। প্রশ্ন উঠছে, যুবসমাজের আন্দোলনের আড়ালে কি বিরোধী রাজনৈতিক শক্তিগুলি নিজেদের নতুন ডিজিটাল মঞ্চ তৈরি করছে? কারণ শুরুতে যে প্ল্যাটফর্মকে ‘মজার’, ‘ব্যঙ্গাত্মক’ বা ‘প্রতিবাদী’ বলা হচ্ছিল, সেটিই এখন ধীরে ধীরে মূল রাজনৈতিক আক্রমণের হাতিয়ার হয়ে উঠছে বলে দাবি সমালোচকদের। যদিও CJP-র পক্ষ থেকে এখনও সরাসরি কোনও রাজনৈতিক দলকে সমর্থনের কথা বলা হয়নি।
আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা সরকারের ছেলে সহজের হাত ধরেই ফিরছে, রাহুল অরুণোদয়ের সাধের ‘সহজ কথা’? অভিনেত্রী দিলেন কোন বিশেষ ইঙ্গিত?
সবশেষে সবচেয়ে বড় প্রশ্ন একটাই শুধুমাত্র ইনস্টাগ্রাম ফলোয়ার্স আর ভাইরাল পোস্ট কি কোনও রাজনৈতিক আন্দোলনের সাফল্য নির্ধারণ করতে পারে? ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তা পাওয়া সহজ, কিন্তু বাস্তব রাজনৈতিক ময়দানে মানুষের পাশে দাঁড়ানো অনেক কঠিন। CJP আপাতত যুবসমাজের ক্ষোভ, হতাশা এবং ব্যঙ্গকে হাতিয়ার করেই এগোচ্ছে। কিন্তু ভবিষ্যতে তারা কি সত্যিই কোনও বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারবে, নাকি শুধুই অ্যান্টি বিজেপি প্রচারের একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড হিসেবেই সীমাবদ্ধ থাকবে সেটাই এখন দেখার। কারণ প্রতিবাদের ভাষা যদি একপাক্ষিক রাজনৈতিক প্রচারে পরিণত হয়, তাহলে সাধারণ মানুষের মনেও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে এই আন্দোলনের আসল উদ্দেশ্য ঠিক কী?






