মির্জ়াপুর এবং লাপতা লেডিজ় খ্যাত অভিনেতা সত্যেন্দ্র সোনি সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে গুরুতর অভিযোগ করেছেন। তাঁর দাবি, নতুন ছবি পেড় পালকির কাজ শেষ করার পরেও পুরো পারিশ্রমিক পাননি। বকেয়া টাকা চাইতেই তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন অভিনেতা। ভিডিওতে তাঁকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।
সত্যেন্দ্র জানান, পরিচালক পুষ্পেন্দ্র সিংহের ছবির শুটিংয়ের জন্য তিনি মধ্যপ্রদেশে গিয়েছিলেন। শুরুতে তাঁকে মাত্র ৫০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয় এবং বাকি টাকা শুটিং চলাকালীন দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু শুটিংয়ের বেশিরভাগ অংশ শেষ হওয়ার পর তিনি পারিশ্রমিকের কথা তুলতেই হঠাৎ তাঁর অংশের কাজ শেষ করে দেওয়া হয় এবং অল্প সময়ের মধ্যে হোটেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
অভিনেতার অভিযোগ, এরপর পরিচালক ও তাঁর স্ত্রী প্রকাশ্যে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। সত্যেন্দ্রের দাবি, তাঁকে জোর করে একটি গাড়িতে তোলা হয় এবং সেই সময় তাঁর মনে হয়েছিল যেন তাঁকে অপহরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, তাঁকে বাঁচাতে এগিয়ে এলে অভিনেতা শ্রীধর দুবেকেও মারধর করা হয় এবং তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়।
সত্যেন্দ্র আরও দাবি করেছেন, গাড়িতে তোলার পর তাঁকে ও শ্রীধর দুবেকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং নানা ধরনের হুমকি দেওয়া হয়। পরে তিনি সমাজমাধ্যমে সকলকে সতর্ক করে লেখেন, ভবিষ্যতে যেন কেউ ওই প্রযোজক ও পরিচালকের সঙ্গে কাজ করার আগে সতর্ক থাকেন। একই সঙ্গে তিনি জানান, সব প্রতিকূলতা কাটিয়ে শেষ পর্যন্ত নিরাপদে মুম্বই ফিরতে পেরেছেন।
আরও পড়ুনঃ ‘হাম্বা রাম্বা কবিতায় হাততালি দিতে হয়েছে, যোগ্য শিল্পীরা বঞ্চিত, সুবিধা পেয়েছেন দুর্নীতির ভিত্তিতে!’ ১৫ দিন থেকে এক মাসে হাল ফেরানোর প্রতিজ্ঞা, তথ্য ও সংস্কৃতি দপ্তর নিয়ে বড় মন্তব্য রুদ্রনীলের!

তবে এই অভিযোগগুলির বিষয়ে এখনও পর্যন্ত পেড় পালকি ছবির নির্মাতাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। পরিচালকের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই বর্তমানে সত্যেন্দ্র সোনির ব্যক্তিগত দাবি। বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।






