‘শ্রীময়ী’র পর ফের ছোটপর্দায় ফিরতে চলেছেন টোটা রায়চৌধুরী! কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে? অভিনেতা জানালেন, কোন ব্যস্ততার কারণেই এতদিন করেছেন অপেক্ষা?

আসন্ন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তির আগে নানা বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেতা টোটা রায়চৌধুরী। জিৎ অভিনীত এই ছবিতে দুর্গাপ্রসাদের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির প্রচারের ফাঁকেই তিনি নিজের অভিনয় জীবন, টেলিভিশন এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলেন।

ধারাবাহিকে আবার অভিনয় করবেন কি না, এমন প্রশ্নের জবাবে টোটা জানান, তাঁর ইচ্ছা অবশ্যই রয়েছে। তবে এই মুহূর্তে কাজের চাপ এতটাই বেশি যে সময় বের করা সম্ভব হচ্ছে না। তাঁর মতে, অনেকেই ধারাবাহিককে গুরুত্ব দেন না, কিন্তু তিনি ছোটপর্দাকে এখনও অত্যন্ত সম্মানের সঙ্গে দেখেন।

অভিনেতার কথায়, যত্ন এবং নিষ্ঠার সঙ্গে কাজ করলে একটি ধারাবাহিকও অসাধারণ হয়ে উঠতে পারে। তিনি মনে করেন, শুধু কাজ করার জন্য কাজ করলে সেই প্রভাব তৈরি হয় না। বরং ভালো ধারাবাহিকের মাধ্যমে খুব সহজেই অসংখ্য দর্শকের কাছে পৌঁছে যাওয়া সম্ভব, যার অভিজ্ঞতা তিনি নিজেই পেয়েছেন।

টোটা রায়চৌধুরী বলেন, ‘শ্রীময়ী’ ধারাবাহিকে রোহিত সেন চরিত্রে অভিনয়ের পর দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছিলেন, তা আজও তাঁর কাছে বিশেষ স্মৃতি হয়ে রয়েছে। সেই চরিত্রই তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। তাই সুযোগ পেলে ভবিষ্যতে আবারও ধারাবাহিকে কাজ করতে চান বলেই জানান তিনি।

আরও পড়ুনঃ ‘দাদাগিরি’ খেলতে এলেন স্বয়ং মহানায়ক! এবার দেবের মুখোমুখি উত্তম কুমার! নতুন পর্বের ঝলকে টলিপাড়ায় চর্চা তুঙ্গে! আসল ঘটনা কী?

তবে আপাতত সেই সম্ভাবনা খুব একটা নেই বলেই স্পষ্ট করেছেন অভিনেতা। তাঁর হাতে এখন একের পর এক ছবির কাজ রয়েছে, শুধু কলকাতাতেই নয়, মুম্বই থেকেও নিয়মিত কাজের ডাক আসছে। এত ব্যস্ততার মধ্যে মুম্বইয়ের কাজেও সময় দিতে পারছেন না বলে জানান তিনি। উল্লেখ্য, নন্দী মুভিজ প্রযোজিত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটি আগামী ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর