দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গ বিজেপির সাংগঠনিক কাঠামোয় বড়সড় পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে বলে দলীয় সূত্রে খবর। সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে জেলা থেকে বুথ স্তর পর্যন্ত একাধিক পদে রদবদল করা হতে পারে। নেতৃত্বের লক্ষ্য, নতুন মুখকে দায়িত্ব দিয়ে দলের সাংগঠনিক কাজকে আরও গতিশীল করা এবং নিচুতলার সংগঠনকে মজবুত করা।
সূত্রের দাবি, শুধু জেলা সভাপতিই নন, মণ্ডল সভাপতি এবং বুথ স্তরের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে। গত কয়েক মাসে বিভিন্ন স্তরের কয়েকজন নেতার বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে, সেই বিষয়গুলিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে কিছু নেতাকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানা গিয়েছে।
অন্যদিকে, বাংলার অন্তত দু’জন নেতাকে বিজেপির কেন্দ্রীয় সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে জোর আলোচনা চলছে। একজন জাতীয় সহ সভাপতি এবং অন্যজন জাতীয় সম্পাদক পদ পেতে পারেন বলে খবর। যদিও কারা সেই দায়িত্ব পাবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এর আগে দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাও কেন্দ্রীয় সংগঠনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন।
কেন্দ্রীয় নেতৃত্বের ‘এক ব্যক্তি, এক পদ’ নীতিকে সামনে রেখেই এই রদবদল করা হতে পারে। সেই কারণে সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভায় জায়গা পাওয়া বিজেপি বিধায়কদের নতুন সাংগঠনিক কমিটিতে রাখা নাও হতে পারে। প্রশাসনিক দায়িত্ব এবং সাংগঠনিক দায়িত্ব আলাদা রাখার দিকেই জোর দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রের দাবি।
আরও পড়ুনঃ ব্রহ্মমুহূর্তে প্রকাশ্যে ‘রামায়ণ’ ট্রেলার, রাম হিসেবে প্রশংসা কুড়োলেন রণবীর, মুগ্ধ করলেন যশ ও সাই পল্লবী
দলের পরিকল্পনা অনুযায়ী, দীর্ঘদিন ধরে সংগঠনের কাজে যুক্ত এবং এলাকায় সক্রিয় নেতাদের বেশি দায়িত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে দলে নতুন করে যোগ দেওয়া নেতাদের নিয়েও সতর্ক অবস্থান নেওয়া হচ্ছে। নিচুতলায় দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা এবং সংগঠনের কাজ আরও শক্তিশালী করতেই এই সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে বিজেপি বলে সূত্রের খবর।






