সাম্প্রতিক সময়ে অভিনেতা সায়ক চক্রবর্তীর পরিবারকে ঘিরে নানা আলোচনা চলছে। কিছুদিন আগেই সায়কের প্রাক্তন বৌদি সুস্মিতা রায় নতুন জীবনে মা হয়েছেন। সেই খবর সামনে আসার পর থেকেই সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়েও নানা জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করতে শুরু করেন, হয়তো তিনিও খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
এই জল্পনার মধ্যেই সায়ক সোশ্যাল মিডিয়ায় পরপর দুটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, পাঞ্জাবি থেকে শুরু করে মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিস কেনা হচ্ছে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “মোটা দাদাইয়ের স্পেশাল দিনের জন্য কেনাকাটা শুরু।” এই পোস্ট দেখেই নেটিজেনদের একাংশ ধরে নেন, সব্যসাচীর বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
ভিডিও প্রকাশের পর শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। অনেকেই আগাম অভিনন্দন জানিয়ে মন্তব্য করেন এবং জানতে চান কবে বিয়ের দিন ঘোষণা করা হবে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ায় বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। তবে বাস্তবে বিষয়টি একেবারেই অন্যরকম।
জানা গিয়েছে, এই কেনাকাটার সঙ্গে বিয়ের কোনও সম্পর্ক নেই। খুব শিগগিরই নন্দনে অনুষ্ঠিত হতে চলা বেঙ্গল ইউথ ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হবেন সব্যসাচী চক্রবর্তী। আগামী ২৮ থেকে ৩০ অগস্ট পর্যন্ত চলা এই অনুষ্ঠানে তাঁকে বিশেষ সম্মান দেওয়া হবে। পাশাপাশি এই উৎসবের যুব অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন সায়ক চক্রবর্তী।
আরও পড়ুনঃ ‘সময় এসেছে এইবার সব বলব…’ সাহিত্যেও ছিল থ্রে’ট কালচার, প্রতিবাদ করেও কিছু বদলানো যেত না! প্রকাশনা জগৎ থেকে সরে যাওয়ার নেপথ্যে কী ছিল কারণ? তিন বছর নীরব থাকার পর, তৃণমূল আমলের অভিজ্ঞতা নিয়ে চাঞ্চল্যকর দাবি কবি জয় গোস্বামীর!
ফলে স্পষ্ট, আসন্ন এই বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতিতেই পরিবারের কেনাকাটা চলছে। যদিও সব্যসাচীর বিয়ের গুঞ্জন এখনও পুরোপুরি থামেনি। অনুরাগীদের একাংশের আশা, ভবিষ্যতে তিনিও নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করবেন। তবে আপাতত তাঁর পরিবারের সমস্ত ব্যস্ততা ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানকে ঘিরেই।






