পারিশ্রমিকের দাবিতে প্রযোজকের অফিস লুট করেন জয়জিৎ ও শুভ্রজিৎ! দুই বন্ধু তথা সহ কর্মীর মজার কাণ্ড ভাগ করে চমকে দিলেন ভাস্বর চট্টোপাধ্যায়!

টলিউডে কাজের পরেও পারিশ্রমিক না পাওয়ার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি। সম্প্রতি সমাজ মাধ্যমে তিনি একটি পুরনো ঘটনার কথা তুলে ধরেন। যদিও সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার নাম প্রকাশ করেননি, তবে জানান যে শুধু তিনি নন, একই সমস্যার মুখোমুখি হয়েছিলেন অভিনেতা জয়জিৎ ব্যানার্জি এবং শুভ্রজিৎ দত্তও।

ভাস্বরের দাবি, সেই প্রযোজনা সংস্থা একসময় একাধিক জনপ্রিয় টেলিফিল্ম তৈরি করত। ভালো গল্প, পরিচিত পরিচালক এবং জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ হলেও ধীরে ধীরে শিল্পীদের পারিশ্রমিক দিতে দেরি হতে শুরু করে। অনেকেরই বড় অঙ্কের টাকা বকেয়া পড়ে যায়। সেই সময় কীভাবে পাওনা আদায় করা যায়, তা নিয়েই সবাই চিন্তায় ছিলেন।

অভিনেতার কথায়, পরে তিনি জানতে পারেন জয়জিৎ ব্যানার্জি নিজের বকেয়া টাকার দাবিতে সরাসরি প্রযোজকের অফিসে যান। সেখানে টাকা না পেয়ে তিনি নাকি অফিসের টেবিলে রাখা একটি কম্পিউটার তুলে নিয়ে চলে আসেন। এই ঘটনার কথা শোনার পর ভাস্বরও প্রযোজককে ফোন করে সতর্ক করেছিলেন যে, টাকা না পেলে তিনিও একই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হতে পারেন।

এই ঘটনার পর শুভ্রজিৎ দত্তও প্রযোজকের অফিসে গিয়ে নিজের পাওনা দাবি করেন। তিনি জানান, টাকা না দিলে অফিস থেকে কোনও জিনিস নিয়ে চলে যাবেন। ভাস্বরের পোস্ট অনুযায়ী, তখন প্রযোজক মজার ছলেই বলেন, অন্যরা প্রায় সব জিনিস নিয়ে চলে গিয়েছেন, এখন শুধু টেবিল আর চেয়ার পড়ে আছে, চাইলে সেগুলো নিয়ে যেতে পারেন।

আরও পড়ুন: অসমের ভয়াবহ বন্যায় ভেসে গেল পরিবার! মা, মাসি, দিদিমা বন্যার চরম পরিস্থিতির শিকার! চারদিকে শুধু জল আর ধ্বংসের ছবি, খবর পেতেই কান্নায় ভেঙে পড়লেন এক জনপ্রিয় টেলি অভিনেত্রী! অসহায় হয়ে জানালেন কী আবেগঘন আর্তি?

ভাস্বরের এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে আলোচনা শুরু হয়। পোস্টের মন্তব্যে শুভ্রজিৎ দত্তও প্রতিক্রিয়া জানান। তিনি দাবি করেন, এত কিছুর পরেও শেষ পর্যন্ত নিজের প্রাপ্য পারিশ্রমিক তিনি আর পাননি। এই ঘটনাকে ঘিরে আবারও টলিউডে শিল্পীদের পারিশ্রমিক নিয়ে পুরনো বিতর্ক সামনে চলে এসেছে।

আরও অন্যান্য খবর