যতই থাক শুভশ্রী, দেবের লাকি চার্ম এখন ইধিকা পাল! ‘দেশু সেভেন’-এও বিশেষ চমক নিয়ে থাকছেন ‘কিশোরী’! দেখা যাবে নায়িকার চরিত্রে?

‘খাদান’ ছবির ‘কিশোরী’ গান দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী ইধিকা পাল। এবার আবারও দেবের প্রজেক্টে দেখা যাবে তাঁকে। দেব পরিচালিত নতুন ছবি ‘দেশু সেভেন’-এ একটি বিশেষ ক্যামিওর পাশাপাশি একটি জমকালো গানে পারফর্ম করবেন তিনি। এই ছবিতে দেব ও শুভশ্রীর উপস্থিতির পাশাপাশি ইধিকার এই বিশেষ গানও দর্শকদের কাছে অন্যতম আকর্ষণ হতে চলেছে।

জানা গিয়েছে, গঙ্গার বুকে এই গানের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। এই গানে দেবের পাশাপাশি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গেও নাচতে দেখা যাবে ইধিকাকে। ছোটবেলা থেকেই শাস্ত্রীয় নাচের প্রশিক্ষণ নেওয়া ইধিকা এর আগে ‘রঘু ডাকাত’ ছবির জন্য বিশেষভাবে ‘ছো’ নাচ শিখেছিলেন। এবারও নতুন ধরনের নাচে তাঁকে দেখা যাবে কি না, তা নিয়ে কৌতূহল থাকলেও এখনই সেই বিষয়ে কিছু জানাতে চাননি অভিনেত্রী।

‘প্রজাপতি ২’-এর পর দীর্ঘ সময় বড় পর্দায় নতুন কাজ না থাকায় নানা আলোচনা হয়েছিল। তবে সেই সময়কে অপেক্ষার পর্ব হিসেবেই দেখছেন ইধিকা। তাঁর কথায়, ভালো কাজের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন তিনি। দেবের ছবিতে কাজ করার সুযোগ পাওয়া তাঁর কাছে বিশেষ আনন্দের বিষয় বলেও জানিয়েছেন অভিনেত্রী।

এদিকে ইধিকা এখন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এর প্রস্তুতিতে ব্যস্ত। চরিত্রের প্রয়োজনে তিনি নিয়মিত ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী সপ্তাহ থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নতুন চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে কোনও খামতি রাখতে চান না বলেই জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ পারিশ্রমিকের দাবিতে প্রযোজকের অফিস লুট করেন জয়জিৎ ও শুভ্রজিৎ! দুই বন্ধু তথা সহ কর্মীর মজার কাণ্ড ভাগ করে চমকে দিলেন ভাস্বর চট্টোপাধ্যায়!

অন্যদিকে বাংলাদেশ থেকেও ইধিকাকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, শাকিব খানের আগামী ছবিতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে তাঁকে। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব ও ইধিকার জুটি দর্শকদের প্রশংসা পেয়েছিল। এবার মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় শাকিব খানের নতুন ছবিতেও যদি ইধিকার নাম চূড়ান্ত হয়, তবে দুই বাংলার দর্শকদের জন্য তা হতে পারে আরও একটি বড় চমক।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর