২০২৬ সালের শুরুতেই নিজের একাধিক ছবির ঘোষণা করেছিলেন দেব। তালিকায় ছিল ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’, ‘দেশু ৭’ এবং ‘টনিক ২’। পাশাপাশি ‘খাদান ২’ নিয়েও ইন্ডাস্ট্রিতে আলোচনা শোনা যাচ্ছিল। তবে বছরের মাঝামাঝি এসে ছবিগুলির মুক্তির পরিকল্পনায় বদল এসেছে। ইতিমধ্যেই পিছিয়েছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র মুক্তি। এবার দেব নিজেই জানালেন, চলতি বছরে ‘টনিক ২’ও প্রেক্ষাগৃহে আসছে না।
‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র মুক্তি পিছনোর কারণ হিসেবে উঠে এসেছে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। দুই ছবির মুক্তি নিয়ে যাতে কোনও সমস্যা তৈরি না হয়, সেই কারণেই নিজের ছবির তারিখ বদলাতে রাজি হয়েছিলেন দেব। ‘দাদাগিরি’র মঞ্চে দেব জানিয়েছেন, কোনও সিনেমা বা শোকে ঘিরে অযথা সমস্যা তৈরি হোক, তিনি তা চান না। তাই অন্য ছবির কথা মাথায় রেখেই নিজের সিনেমার মুক্তির পরিকল্পনায় পরিবর্তন করেছেন।
দেবের বক্তব্য অনুযায়ী, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটি স্বাধীনতা দিবসের সময় মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। বিষয়টি নিয়ে তিনি আগে জিৎ-এর সঙ্গেও কথা বলেছিলেন। পরে যখন সেই ছবির মুক্তির তারিখ পরিবর্তন করা হয়, তখন ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রযোজকের সঙ্গে আলোচনার পর দেবও তাঁর ছবির মুক্তি পিছিয়ে দিতে সম্মতি দেন। অভিনেতার মতে, ইন্ডাস্ট্রির কারও যাতে কোনও অসুবিধা না হয়, সেই বিষয়টিই তিনি গুরুত্ব দিয়েছেন।
এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে ‘টনিক ২’র মুক্তির ক্ষেত্রেও। দেব জানিয়েছেন, ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু একাধিক ছবির মুক্তির সময়সূচির কথা মাথায় রেখে ‘টনিক ২’ও পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে ২০২৬ সালে দেবের মোট তিনটি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সেই সংখ্যা কমে দাঁড়াচ্ছে। আপাতত ‘দেশু ৭’ এবং ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ নিয়েই দর্শকদের সামনে আসবেন অভিনেতা।
আরও পড়ুনঃ আবার ছোটপর্দায় ফিরছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়! ‘রাঙ্গামতি তীরন্দাজ’-এর দুষ্টু ‘বৃন্দা’ এবার জি বাংলার পর্দায় ধরা দেবেন কোন চরিত্রে?
‘দেশু ৭’ দুর্গাপুজোর সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সম্ভবত ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে আসতে পারে। ‘টনিক ২’র জন্য অবশ্য দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। অর্থাৎ চলতি বছরের শেষদিকে দেবের নতুন ছবি হিসেবে ‘টনিক ২’ নয়, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’কেই দেখার সম্ভাবনা বেশি। জিৎ-এর ছবিকে জায়গা করে দিতে দেবের এই সিদ্ধান্তকে ইন্ডাস্ট্রির মধ্যে পারস্পরিক সমঝোতার উদাহরণ হিসেবেই দেখা হচ্ছে।






