চলতি সপ্তাহে ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ১১’-এর মঞ্চে দেখা যাবে একঝাঁক বিধায়ককে। দেবের সঙ্গে খেলায় অংশ নেবেন সজল ঘোষ, কুণাল ঘোষ, মদন মিত্র, কৌস্তভ বাগচি, নওশাদ সিদ্দিকি এবং মোস্তাফিজুর রহমান। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও একই মঞ্চে তাঁদের উপস্থিতি ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। এই বিশেষ পর্বের ফাইনাল প্রোমোও প্রকাশ্যে এসেছে। সেখানে রাজনীতির বাইরের নানা মজার মুহূর্ত ধরা পড়েছে।
এই পর্বের বিটিএস ভিডিয়োও দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে বরানগর কেন্দ্রের বিধায়ক সজল ঘোষকে দেখা গিয়েছে স্ত্রীর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে। শুধু কথাই নয়, স্ত্রীকে দাদাগিরির শুটিং সেটও দেখান তিনি। সাংবাদিকদের সামনে সজল জানান, প্রথমে দাদাগিরিতে আসার বিষয়ে তাঁর স্ত্রী একেবারেই রাজি ছিলেন না। ফলে জনপ্রিয় এই গেম শোয়ে অংশ নেওয়ার আগে স্ত্রীকে রাজি করানোর জন্য তাঁকে বেশ কিছুটা চেষ্টা করতে হয়েছিল।
তবে শেষ পর্যন্ত কীভাবে রাজি হলেন তাঁর স্ত্রী? সজলের কথায়, দাদাগিরির পুরস্কারের টাকা ৫০ হাজার টাকা জানার পরেই নাকি তিনি অনুমতি দেন। প্রোমোতেও এই বিষয়টি নিয়ে মজার পরিস্থিতি তৈরি হতে দেখা যায়। কৌস্তভ বাগচির মজার মন্তব্যের পাশাপাশি কুণাল ঘোষও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কথা বলেন। সজলও স্পষ্ট জানান, পুরস্কার না জিতলে নাকি স্ত্রী তাঁকে শোয়ে আসতেই দিতেন না। পুরো পরিস্থিতি ঘিরে মঞ্চে তৈরি হয় হাসির পরিবেশ।
রাজনীতির মঞ্চে যাঁরা একে অপরের বিরোধী, সেই নেতাদের একই জায়গায় বসিয়ে দেবও মজার ছলে পরিস্থিতি সামলেছেন। একসঙ্গে সবাই কথা বলতে শুরু করলে তাঁদের থামিয়ে দেব বলেন, এটা বিধানসভা নয়, দাদাগিরি এবং এখানে তাঁর কথাই শেষ কথা। তাঁর এই মন্তব্যে আরও হাসির পরিবেশ তৈরি হয়। সব মিলিয়ে রাজনৈতিক বিতর্কের বাইরে এই পর্বে বিধায়কদের অন্য রকম মেজাজে দেখতে পাবেন দর্শকরা। চলতি সপ্তাহেই সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব।
আরও পড়ুনঃ ‘বিগ বস বাংলা’র ধাক্কায়, ‘কম্পাস’-এর পর এবার মাত্র ৩ মাসেই বন্ধ হচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা! অল্প সময়েই দর্শকদের পছন্দের তালিকায় নাম তুলে ফেলা ধারাবাহিক শেষের সিদ্ধান্ত ঘিরে ক্ষো’ভ নেটপাড়ায়!
বর্তমানে ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ১১’-এর সঞ্চালকের দায়িত্বে রয়েছেন দেব। এতদিন এই জনপ্রিয় শোটি পরিচালনা করতেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় দু’বছর পর নতুন সঞ্চালক হিসেবে দেবকে নিয়ে ফের পর্দায় ফিরেছে ‘দাদাগিরি’। অভিনেতা জানিয়েছেন, দায়িত্ব পাওয়ার পর তিনি সৌরভের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে সৌরভ সঞ্চালিত কোনও এপিসোড তিনি দেখেননি বলেও জানিয়েছেন দেব। নিজের মতো করে অনুষ্ঠানটি পরিচালনা করছেন এবং নিজের পাশাপাশি গোটা টিমের উপরও ভরসা রেখেছেন তিনি।






