রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই তদন্ত এবং ছেলে সহজকে নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে প্রিয়াঙ্কা সরকারকে। স্বামীকে হারানোর শোক সামলে নিজের মতো করে সবকিছু সামলাচ্ছেন অভিনেত্রী। তবে সম্প্রতি তাঁর একটি মন্তব্যে স্পষ্ট হয়েছে, রাহুলের ব্যক্তিগত জীবন নিয়ে বারবার আলোচনা এবং প্রশ্নের মুখোমুখি হতে তিনি আর আগ্রহী নন। বিশেষ করে এই ধরনের বিষয় ছেলে সহজের উপর কী প্রভাব ফেলছে, সেটিও তাঁর চিন্তার কারণ।
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘মায়া সত্য ভ্রম’। ছবির প্রচারে গিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে অভিনেত্রীকে। সেখানেই উঠে আসে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রসঙ্গ। রাহুলের মৃত্যুর তদন্ত কতদূর এগিয়েছে, সেই বিষয়েও জানতে চাওয়া হয় তাঁর কাছে। পাশাপাশি অভিনেতার পুরনো সম্পর্ক নিয়ে সাম্প্রতিক যে আলোচনা তৈরি হয়েছে, সেই প্রসঙ্গেও প্রশ্ন করা হয় প্রিয়াঙ্কাকে।
তদন্তের অগ্রগতি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রিয়াঙ্কা। এরপর তাঁকে প্রশ্ন করা হয়, সহজের হাতেও এখন মুঠোফোন রয়েছে। তাই রাহুলের পুরনো সম্পর্ক নিয়ে তৈরি হওয়া বিভিন্ন ভিডিও বা খবর কতটা তার কাছে পৌঁছচ্ছে? এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, “আমার মনে হয় এমন ভিডিও যত কম তৈরি হবে, তত সহজের কাছেও এই সমস্ত খবর কম পৌঁছাবে।” এই বক্তব্যের মধ্য দিয়েই নিজের অবস্থান বেশ স্পষ্ট করে দেন তিনি।
প্রিয়াঙ্কার কথায় বোঝা যায়, রাহুলের ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হওয়া নানা ভিডিও এবং আলোচনা সহজের কাছে পৌঁছনো নিয়ে তিনি যথেষ্ট সচেতন। তাই এই ধরনের প্রশ্ন বা বিষয় নিয়ে আর বাড়তি আলোচনা করতে চাইছেন না অভিনেত্রী। হাসিমুখেই নিজের বক্তব্য জানিয়ে তিনি যেন বুঝিয়ে দিলেন, ব্যক্তিগত বিষয়কে সংবাদ বা ভিডিওর আলোচনায় বারবার না আনার অনুরোধই করছেন। ছেলে সহজের মানসিক অবস্থার কথাই তাঁর কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ মশলার প্যাকেট খুলে রান্নায় দেওয়ার আগে সাবধান! এভারেস্টের হিং-এ বড় গলদ, বিক্রি বন্ধের নির্দেশ FSSAI-এর, প্রশ্নের মুখে আরও ৩ মশলা, আপনার রান্নাঘরে নেই তো?
প্রসঙ্গত, শমীক রায় পরিচালিত ‘মায়া সত্য ভ্রম’ ২৮ আগস্ট মুক্তি পেয়েছে। ছবিতে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে অভিনয় করেছেন সোহম মজুমদার। সন্তান নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। এক পুলিশ অফিসার, তাঁর স্ত্রী এবং এক আধ্যাত্মিক সাধককে ঘিরে তৈরি হয়েছে ছবির মূল কাহিনি। গল্পে একাধিক চমক রয়েছে, যা দর্শকদের শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখবে।






