নেই পর্দায় উপস্থিতি! কিন্তু দুই ছবির নেপথ্যেই ছিলেন আয়েশা! জনপ্রিয় সিনেমা নিয়ে অজানা কথা জানালেন অভিনেত্রী

এক সময় বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন আয়েশা ভট্টাচার্য। ধারাবাহিকে মুখ্য চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে গত কয়েক বছর ধরে তাঁকে সেভাবে ক্যামেরার সামনে দেখা যায় না। বর্তমানে বিভিন্ন রিল এবং ভিডিওর মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি আয়েশা একজন দক্ষ নৃত্যশিল্পীও। তবে তাঁর আরও একটি প্রতিভার কথা অনেকেরই অজানা। তিনি দীর্ঘদিন ধরে ডাবিং শিল্পী হিসেবেও কাজ করেছেন।

সম্প্রতি সেই কাজেরই একটি পুরনো অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন আয়েশা। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘তোর নাম’ এবং ‘ক্লাসরুম’ ছবির সঙ্গে তাঁর একটি বিশেষ যোগ রয়েছে। প্রেমের গল্পকে কেন্দ্র করে তৈরি এই দুই ছবিতে নবাগত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন। কিন্তু পর্দায় দেখা না গেলেও দুই ছবির নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আয়েশার। এই দুই ছবিতেই অভিনেত্রীর চরিত্রের জন্য গলা দিয়েছিলেন তিনি।

আয়েশা জানিয়েছেন, ‘তোর নাম’ ছবির জন্য ২০১২ সালে তাঁর শুটিংও হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় ‘অরক্ষণীয়া’ ধারাবাহিকে অভিনয় করায় শেষ পর্যন্ত ছবিতে কাজ করা সম্ভব হয়নি তাঁর। পরে পরিচালকের অনুরোধে ছবির নায়িকার জন্য ডাবিং করেন তিনি। তবে ছবি মুক্তির পর তাঁর অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। আয়েশার দাবি, ছবির প্রিমিয়ার শোতে তাঁকে ডাকা হয়নি। এমনকি ছবির প্রচারেও তাঁর কোনও উল্লেখ ছিল না।

অভিনেত্রীর কথায়, মুম্বই কিংবা দক্ষিণের ছবির জগতে ডাবিং শিল্পীদের যে গুরুত্ব দেওয়া হয়, বাংলায় এখনও সেই জায়গাটা তৈরি হয়নি। ‘তোর নাম’ ছবির নায়িকার সঙ্গে তাঁর মুখের কিছুটা মিল থাকায় সেই সময় অনেকেই ভুল করে ভেবেছিলেন, পর্দায় অভিনয় করা মেয়েটিই আয়েশা। বিষয়টি আজও তাঁকে অবাক করে। কারণ ছবিতে অভিনয় না করেও তাঁর কণ্ঠস্বর দর্শকদের মনে এমনভাবে থেকে গিয়েছিল যে অনেকেই তা আলাদা করে চিনতে পেরেছিলেন।

আরও পড়ুনঃ ‘আমরা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি’, কী ঘটনা ঘটেছে গৌরবের পরিবারে? হঠাৎ এমন কথা কেন বললেন অভিনেতা?

তবে এই পুরনো অভিজ্ঞতার মধ্যেও একটি বিষয় আয়েশাকে আনন্দ দেয়। এখনও অনেক দর্শক তাঁর গলার স্বর শুনে চিনে ফেলেন এবং জানতে চান, ‘তোর নাম’ বা ‘ক্লাসরুম’ ছবিতে তিনি ডাবিং করেছিলেন কি না। আয়েশার মতে, একজন শিল্পীর কণ্ঠস্বর দর্শকের মনে এভাবে জায়গা করে নেওয়া সত্যিই বড় পাওয়া। তাঁর পোস্টের মন্তব্যের ঘরেও অনেকে জানিয়েছেন, আয়েশার এই পোস্ট না দেখলে তাঁরা জানতেই পারতেন না যে ‘তোর নাম’ ছবিতে তিনি অভিনয় করেননি, বরং নেপথ্যে তাঁর কণ্ঠই ছিল।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর