মুক্তির ঠিক আগেই আইনি জটিলতা, ছবির কেন্দ্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটজীবনের স্মরণীয় মুহূর্ত! প্রাক্তন ভারতীয় অধিনায়কের আপত্তিতে শেষ পর্যন্ত কি আটকে যাবে ‘দুসরা’র মুক্তি? সেই প্রশ্ন ঘিরেই তৈরি হয়েছিল জল্পনা। তবে আপাতত স্বস্তিতে ছবির নির্মাতারা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে ছবির মুক্তিতে স্থগিতাদেশ দিতে রাজি হয়নি দিল্লি হাই কোর্ট। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পথ খোলা থাকল ছবিটির। যদিও সৌরভের দায়ের করা মামলা এখনও নিষ্পত্তি হয়নি। আদালতে এই আইনি লড়াইয়ের পরবর্তী পর্বের দিকে নজর রয়েছে সকলের।
সৌরভের অভিযোগ, তাঁর নাম, পরিচিতি এবং ক্রিকেটজীবনের স্মরণীয় ঘটনাগুলিকে অনুমতি ছাড়াই বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে ছবিতে। বিশেষ করে ২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি খুলে উচ্ছ্বাস প্রকাশের ঐতিহাসিক মুহূর্তটি নিয়ে আপত্তি উঠেছে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যা আজও অন্যতম স্মরণীয় দৃশ্য। সৌরভের বক্তব্য, এই ধরনের ঘটনা ও তাঁর পরিচিতিকে ছবির প্রচারে ব্যবহার করে দর্শকদের মধ্যে ছবিটি সম্পর্কে বিশেষ আগ্রহ তৈরি করা হচ্ছে। তাঁর ব্যক্তিত্বের বাণিজ্যিক ব্যবহার নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন অধিনায়ক।
এই মামলায় সৌরভের পাশে রয়েছে প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস এলএলপি। সংস্থাটির দাবি, ২০২১ সালের ৫ অগস্ট সৌরভের জীবনের উপর ভিত্তি করে ছবি তৈরির জন্য তাঁদের সঙ্গে চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, সৌরভের জীবনীভিত্তিক ছবি তৈরি ও বাণিজ্যিকভাবে প্রকাশের একচেটিয়া অধিকার তাদের রয়েছে বলে দাবি প্রযোজনা সংস্থার। সেই ছবির নাম ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’। আগামী বছর ১৪ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা। তাই ‘দুসরা’ ছবিতে সৌরভের ক্রিকেটজীবনের পরিচিত ঘটনাগুলির ব্যবহার তাদের চুক্তিবদ্ধ অধিকারের উপর প্রভাব ফেলতে পারে বলেও অভিযোগ উঠেছে।
অন্যদিকে, ‘দুসরা’র নির্মাতাদের বক্তব্য, এটি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্র নয়। ছবির গল্প রাজস্থানের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে তারাকে ঘিরে। রক্ষণশীল পারিবারিক পরিবেশে নিজের জায়গা তৈরি করতে গিয়ে নানা বাধার মুখে পড়ে সে। টেলিভিশনের পর্দায় সৌরভের সেই ঐতিহাসিক উদ্যাপন দেখে অনুপ্রাণিত হয় তারা। ক্রিকেটারের প্রতিবাদী মনোভাব তাকে নিজের জীবনের বাধা অতিক্রম করার সাহস জোগায়। নির্মাতাদের আইনজীবীর দাবি, ন্যাটওয়েস্ট সিরিজের কিছু দৃশ্য ব্যবহারের জন্য বিসিসিআইয়ের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। তাঁদের মতে, ছবিটি কোনওভাবেই সৌরভের বায়োপিক নয়।
আরও পড়ুনঃ আগে সাজের প্রশংসা করতেন কাঞ্চন, এখন সেই দায়িত্ব মেয়ের! দুই সন্তানকে নিয়ে পুজোর কী পরিকল্পনা শ্রীময়ীর?
বিচারপতি দীনেশ ভাট্টের বেঞ্চ আপাতত ছবির মুক্তি স্থগিত করার আবেদন খারিজ করেছে। আদালত স্পষ্ট জানিয়েছে, এই মুহূর্তে ছবির মুক্তিতে বাধা দেওয়া হচ্ছে না। তবে আইনি বিতর্কের এখানেই শেষ নয়। সৌরভ ও লাভ ফিল্মসের অভিযোগের ভিত্তিতে মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ২৩ অক্টোবর। ফলে ছবিটি মুক্তি পেলেও ব্যক্তিত্বের অধিকার এবং কোনও বিখ্যাত ব্যক্তির জীবনের ঘটনাকে সিনেমায় ব্যবহারের সীমা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মাঠে সৌরভের ঐতিহাসিক লড়াইয়ের স্মৃতি এবার নতুনভাবে উঠে এসেছে বড়পর্দায়। কিন্তু সেই স্মৃতি ব্যবহারের অধিকার কার, তা নিয়ে আইনি লড়াই কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার।






