মৌসম ভবন এর হিসাব মত পশ্চিমবঙ্গে দিন কয়েকের মধ্যেই ঢুকবে বর্ষা। আর বাঙালির কাছে বর্ষা মানেই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। কিন্তু ইলিশ মাছের যোগান কি এবারে পর্যাপ্ত পরিমাণে হবে? এই চিন্তা অবশ্য উত্তরবঙ্গের কেউ করছেন না। কারণ বর্ষা আসার আগেই উত্তরবঙ্গের নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ মাছ।
বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় জলঢাকা নদীতে ধরা পড়ে পেল্লায় আকৃতির ইলিশ মাছ। বর্ষা ঢোকার আগেই নদীতে ইলিশের দেখা মেলায় খুশি মৎস্যজীবীরা। সাধারণত এই ঘটনা ঘটে না তবে এবার বর্ষার আগেই ইলিশ মাছ পাওয়ায় হাসি ফুটেছে মৎস্যজীবীদের মুখে। হাসি ফুটেছে স্থানীয় বাঙ্গালিদের মুখেও।
বৃহস্পতিবার রতন হালদার নামে এক মৎস্যজীবীর জালে ওঠে এই ইলিশ মাছ। মাথাভাঙা ২ নম্বর ব্লকের শোলমারি গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায় জলঢাকা নদীতে মেলে ইলিশ মাছের খোঁজ। সঙ্গে সঙ্গে সেই মাছ বিক্রি হয়ে যায় স্থানীয় বাজারে।
স্থানীয় মৎস্যজীবীরা বলছেন, মাথাভাঙায় নদীতে ইলিশের খোঁজ মেলা নতুন ঘটনা নয়। তবে তা সাধারণত ধরা পড়ে বর্ষার শেষে। এবার বর্ষা ঢোকার আগেই এসে পড়েছে ইলিশ। আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকলে জালে আরও ইলিশ পড়বে বলে আশাবাদী তাঁরা। তাই উত্তরবঙ্গের মানুষেরা এবার বর্ষাতে জমিয়ে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবেন তা বলাই বাহুল্য।






