আগাম বুকিংয়ে দেবের থেকে পিছিয়ে জিতের ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’? রানা সরকারের ‘স্যাডিস্ট মেন্টালিটি’ পোস্ট ঘিরে বিতর্ক! পাল্টা কী জবাব ধেয়ে এল ‘ধূমকেতু’র প্রযোজকের দিকে?

স্বাধীনতা দিবসের সপ্তাহে বড়পর্দায় আসতে চলেছে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং এই ছবিতে একেবারে অন্য ধরনের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। তবে ছবির মুক্তির আগেই দেবের সঙ্গে জিৎকে তুলনা করে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এবার সেই বিতর্কে ইন্ধন জোগালেন প্রযোজক রানা সরকার। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা।

জিৎ অভিনীত ছবির অগ্রিম বুকিং নিয়ে খোঁচা দিতে রানা সরকার গত বছর মুক্তি পাওয়া দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘ধূমকেতু’র বুকিংয়ের একটি স্ক্রিনশট শেয়ার করেন। পোস্টে তিনি দেখানোর চেষ্টা করেন, ‘ধূমকেতু’ মুক্তির আগে যে গতিতে টিকিট বিক্রি হয়েছিল, জিতের নতুন ছবির ক্ষেত্রে এখনও তেমন ছবি দেখা যাচ্ছে না। একই সঙ্গে জিৎ ভক্তদের দ্রুত টিকিট কাটার পরামর্শ দিয়ে লেখেন, তাঁরা যেন প্রমাণ করেন তাঁদের প্রিয় তারকাই সেরা।

রানার এই পোস্ট প্রকাশ্যে আসতেই জিৎ অনুরাগীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, একজন অভিনেতার ছবির সঙ্গে অন্য অভিনেতার ছবির তুলনা করে বিতর্ক তৈরি করা মোটেই প্রয়োজনীয় নয়। এক অনুরাগী সরাসরি রানাকে প্রশ্ন করেন, এই ধরনের পোস্ট করে তিনি কি আনন্দ পান? এমন তুলনা করার মানসিকতাকে ‘স্যাডিস্ট মেন্টালিটি’ বলেও কটাক্ষ করেন ওই অনুরাগী। ফলে পোস্টের কমেন্ট বক্সেই শুরু হয় প্রযোজক এবং জিৎ ভক্তদের মধ্যে বাগযুদ্ধ।

তবে সমালোচনার মুখে নিজের অবস্থান থেকে সরে আসেননি রানা সরকার। বরং ওই মন্তব্যের জবাবে তিনি জিৎ ভক্তদের উদ্দেশে পালটা প্রশ্ন করেন, তাঁরা কি এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন না? তাঁর এই উত্তরকে ঘিরে বিতর্ক আরও বাড়ে। দেব এবং জিৎকে নিয়ে বক্স অফিসের তুলনা টলিউডে নতুন কিছু নয়। তবে এবারের পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের সপ্তাহে দুই তারকার ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

আরও পড়ুনঃ বিয়ের পর প্রথম জন্মদিন প্রিয়াঙ্কার, ফুল-বেলুনে সাজল বাড়ি! বিশেষ দিনের উদযাপনে রইল কোন চমক? স্ত্রীকে কী এমন উপহার দিলেন শুভ্রজিৎ?

এদিকে দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির মুক্তি ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। জিৎ জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিষয়ে দেবের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি এবং বিষয়টি দেব ও নন্দী মুভিজের সিদ্ধান্ত। একই সঙ্গে দেবের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও সমস্যা নেই বলেও স্পষ্ট করেছেন অভিনেতা। ফলে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ঘিরে বক্স অফিসে কেমন সাড়া পাওয়া যায়, এখন সেদিকেই নজর দর্শক ও টলিউড মহলের।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর