কাজ হারানো আইটি কর্মীদের জন্য সুখবর, সরকার চালু করল কর্মভূমি ওয়েব পোর্টাল

করোনার জেরে টালমাটাল অর্থনীতি। সে বিশ্বই হোক কি রাজ্য। ভয়াবহ এই রোগের ধাক্কায় বেসামাল মানুষ থেকে অর্থনীতি সবকিছুই। আমাদের রাজ্যের বহু মানুষ ভিনদেশে বা ভিনরাজ্যে বিভিন্ন সেক্টরে কর্মরত। করোনার জেরে এদের মধ্যে অনেকেই চাকরি খুইয়েছেন অথবা চাকরি ছেড়ে রাজ্যে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এবার তাদের কথা ভেবেই একটি জব পোর্টাল খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পোর্টালের নাম তিনি দিয়েছেন কর্মভূমি। তথ্য প্রযুক্তি কর্মীদের কাজ খুঁজতে সাহায্য করতেই এই বিশেষ ব্যবস্থা বলে জানানো হয়েছে। এই পোর্টাল বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কাজ খুঁজতে সাহায্য করবে। এমনটাই টুইট করে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে এই পোর্টাল লঞ্চ হওয়ার তিন ঘন্টার মধ্যেই প্রায় চার হাজার জন এই পোর্টাল খুলে দেখেছেন। ২৫০ জন রেজিস্ট্রেশনও করেছেন ইতিমধ্যেই। এই পোর্টালের সহায়তায় অনেকেই ফের নতুন করে কাজের সন্ধান পাবেন বলে দাবি অর্থমন্ত্রী অমিত মিত্রের। সরকারের তরফে জানানো হয়েছে যাঁরা নাম রেজিস্ট্রি করবেন, তাঁদের চাকরির ব্যবস্থা করবে সরকার।

এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি লঞ্চ করেছেন বাংলার যুবশক্তি প্রোগ্রাম। তিনি জানিয়েছেন এই প্রোগ্রামের অধীনে গোটা রাজ্যে থাকবেন ১০ জন কো-অর্ডিনেটর। তুলে আনা হবে ১৮ থেকে ৩৫ বছরের ১ লাখ ২৫ হাজার তরুণ-তরুণীকে, যাঁরা সেভাবে রাজনীতি না করলেও মানুষের জন্য কাজ করতে চান। করোনা, আমফানের জেরে নানা সমস্যায় ভোগা মানুষের পাশে দাঁড়াবেন এঁরা। ১২ জুলাই পর্যন্ত এই প্রোগ্রাম চলবে।

আরও অন্যান্য খবর