আর এক ঘণ্টার মধ্যেই মুম্বই পুলিশের সামনে ফের একবার হাজিরা দিতে হবে সাংবাদিক অর্ণব গোস্বামী কে। মঙ্গলবারই রিপাবলিক টিভির মালিক অর্ণবকে পুলিশ সমন পাঠিয়েছে।
এই সমনে স্পষ্ট উল্লিখিত আছে যে অর্ণবকে বুধবার সকাল ১১ টার সময় পুলিশ ইন্সপেক্টর সুরেশ গায়কোয়াড় এর সঙ্গে দেখা করতে হবে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এর আগে যে পুলিশ ইন্সপেক্টর অর্ণবকে জেরা করেছিলেন তিনি করোনা আক্রান্ত হয়েছেন। আগেরবার তাঁকে ১২ ঘণ্টা জেরা করা হয়েছিল।
কেন জেরা করা হচ্ছে অর্ণবকে তা আরেকবার জেনে নেওয়া যাক। মহারাষ্ট্রের পালঘরে কিছু মাস আগে দু’জন সাধুকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সেই সময় এর বিরুদ্ধে মুখ খোলেন। তারপরেই অর্ণব গোস্বামী তার প্রাইম টাইম শো তে সোনিয়া গান্ধীকে অপমান করেন বলে অভিযোগ। কংগ্রেস নেতারা তখন অভিযোগ করেন অর্ণব তার শো-এর মাধ্যমে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছেন ও সোনিয়া গান্ধীকে তিনি অশ্লীল ভাষায় অপমান করেছেন।

এরপরই সমাজকর্মী নীলেশ নওলাখা পুনের পুলিশ কমিশনারের কাছে অর্ণব এর নামে ফৌজদারি অভিযোগ করেন। তিনি ১৯৯৫ সালের টেলিভিশন রেগুলেশন অ্যাক্ট এর অধীনে এই মামলা দায়ের করেন যেখানে বলা হয় অর্ণবের চ্যানেল সাম্প্রদায়িক বিভেদ, ধর্ম বিদ্বেষ ছড়াচ্ছে যার ফলে দেশের একতা নষ্ট হচ্ছে।
তখন অর্ণব গোস্বামী সুপ্রিম কোর্টে এই অভিযোগ খারিজ করার জন্য আবেদন করেন কিন্তু উল্টে তার আবেদনই সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। এমনকি সুপ্রিম কোর্ট এই মামলার তদন্তের দায়ভার সিবিআইকে দিতেও রাজি হয় না। তাই বাধ্য হয়ে অর্ণবকে মুম্বই পুলিশের কাছে জেরার জন্য হাজিরা দিতেই হচ্ছে।






